এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি রাইফেল।
কে আর সি টাইমস ডেস্ক
ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী। বিজাপুর জেলার তেকালগুদেম-বাসাগুড়া গ্রাম সংলগ্ন গভীর জঙ্গলের ঘটনা। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি রাইফেল।
ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে তেকালগুদেম-বাসাগুড়া গ্রাম সংলগ্ন গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর জওয়ানদের। এদিন সকালে বিশেষ অভিযানে বেরিয়েছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এ ২০৪ কোবরা ব্যাটেলিয়ন, ১৬৮ ব্যাটেলিয়ন এবং ছত্তিশগড় পুলিশের যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে খতম হয়েছেন একজন মহিলা মাওবাদী। এনকাউন্টার শেষে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে। সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাওবাদীদের পোশাক পরিহিত ওই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।


