পাথারকান্দির শ্রীপুরে শনি মন্দিরে দুঃসাহসিক চুরি

< 1 - মিনিট |

বিগ্রহের সোনার গয়না ও প্রণামী লুট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

​​পাথারকান্দি : পাথারকান্দি থানা এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। এবার চোরের নিশানায় ধর্মীয় উপাসনালয়। শনিবার রাতে পাথারকান্দি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের শনি মন্দিরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বিগ্রহের সোনার গয়না সহ মন্দিরের যাবতীয় মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ​স্থানীয়রা জানান গতকাল গভীর রাতে মন্দিরের জানলা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে।

রবিবার সকালে মন্দিরের সেবাইত ও স্থানীয়রা মন্দিরে এসে দেখেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দুষ্কৃতীরা বিগ্রহের অঙ্গে থাকা সোনার চেইন এবং পুজোর ব্যবহৃত যাবতীয় পিতলের বাসনপত্র নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে ৬টি বড় চাতি, কাঁসর ঘণ্টা এবং অন্যান্য সরঞ্জাম।

​মন্দিরের দানবাক্স ভেঙে ভক্তদের প্রণামীর সমস্ত টাকা নিয়ে যায়। পাশপাশি মন্দিরের গোডাউনের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালায় তারা। তবে চোরচক্রটি মন্দিরের ইনভার্টার এবং জল তোলার মোটর পাম্প খোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেগুলি নিতে সক্ষম হয়নি। পাম্পটি খোলা ফেলে যায়।

​খবর দেওয়া হয় পাথারকান্দি থানায় পরে ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি থানার পুলিশ। পুলিশ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। মন্দিরের মতো পবিত্র স্থানে এহেন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব পরিলক্ষিত হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *