৯ চাইনিজ ইঞ্জিনিয়ার সহ হত ১৩, নিখোঁজ ২
KRC Times Desk
পাকিস্তানে বাসে বিস্ফোরণে ৯ জন চাইনিজ ইঞ্জিনিয়ার সহ ১৩জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশের উত্তর-পূর্বে নির্মাণ স্থলে যাওয়ার সময় হামলাটি হয়। এই ঘটনার পর ইসলামাবাদকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে বেইজিং। সরকারিভাবে জানানো হয়েছে, বুধবার খাইবার পাখতুন খওয়া প্রদেশের আপার কোহিস্তান জেলার দামু এলাকায় ঘটনাটি ঘটে। এখানেই চীনের ইঞ্জিনিয়ার এবং নির্মাণ শ্রমিকরা পাকিস্তানকে একটি বাঁধ বানাতে সাহায্য করছে। প্রায় ৬০বিলিয়ন মার্কিন ডলার মূল্যে চীন-পাকিস্তান ইকনমিক করিশের (সিপিইসি)’র অন্তর্গত যা তৈরি হচ্ছে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার বিস্ফোরণে চীনের ৯ জন ইঞ্জিনিয়ারের পাশাপাশি ২ জন সীমান্ত বাহিনীর সেনাও মারা গিয়েছেন। এদিন দামু বাঁধে যাওয়ার সময় বাসটিতে বিস্ফোরণ হয়। সাংবাদিকদের জানান আপার কোহিস্তানের ডেপুটি কমিশনার মহম্মদ আরিফ। তিনি আরও বলেন, বিস্ফোরণের ধাক্কায় বাসটি নিচের খালে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ইসলামাবাদে জাতীয় সংসদে এই হামলাকে কাপুরুষোচিত বলেই জানান প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় উপদেষ্টা বাবর আওয়ান। তিনি দাবি করেন, এই হামলায় পাকিস্তান এবং তার প্রতিবেশীদের বিশেষ উদ্যোগ লক্ষ্যচ্যুত হবে না।
বুধবার রাত পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দামুতে বাসে হামলার তীব্র প্রতিবাদের সঙ্গেই অপরাধে যুক্তদের কঠোর সাজার দাবি করেছে চীন। সিপিইসি উদ্যোগের অন্তর্গত চীনের হাজারো শ্রমিক এবং ইঞ্জিনিয়ার পাকিস্তানের বিভিন্ন অংশে নির্মাণ কাজে যুক্ত রয়েছেন। বিবিসি’র উর্দু সার্ভিস জানাচ্ছে, দামুর কাছে বাসটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এরপর বাসটি ছিটকে নিচে খালে পড়ে যায়। বাসে বিস্ফোরণের জনৈক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় মানুষ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে ঘটনার পর চীনের একজন ইঞ্জিনিয়ার এবং একজন সৈন্য নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। হামলার পরপরই এলাকায় ছুটে গিয়েছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এছাড়া চীনের নাগরিকদের রক্ষায় নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের এক কর্তা জানান, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।


