নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য
KRC Times Desk
রাজ্যব্যাপী চলা নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে রবিবার আরেকটি বড়সড় সাফল্য পেল পুলিশ ।কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত ঠালিগ্ৰাম থেকে ৮০ কেজি গাঁজা সহ ঠালিগ্ৰামের বাসিন্দা প্রদীপ পাশি (৪৫) এবং শুভাশিস নুনিয়া (৬৫) নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ বাহিনী । জানা গেছে, রবিবার বিকেল চারটা নাগাদ উধারবন্দ পুলিশ ও লক্ষীপুর এসডিপিও এর তরফে ঠালিগ্ৰাম এলাকায় এক অভিযান চালানো হয় । এতে ৮০ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।
এ বিষয়ে উধারবন্দ থানার ওসি বলেন , বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন লক্ষীপুরের এসডিপিও এবং উধারবন্দ থানার তরফে এক যৌথ অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে আটক করতে সক্ষম হন তারা । আটক হওয়া দুইজন বর্তমানে উধারবন্দ পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি । বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহত্তর এলাকা জুড়ে। অনেকে যেমন মনে করছেন এর পেছনে কোনও বড় চক্রও জড়িত থাকতে পারে, ঠিক তেমনি রাজ্যজুড়ে চলা এই নেশা বিরোধী অভিযান ও তার সফলতায় আমজনতা সন্তোষ প্রকাশ করছেন। সচেতন মহলের দাবী, প্রশাসন ঠিক এই উদ্যমে তাদের কাজ চালিয়ে গেলে সমাজ থেকে অনেক অসামাজিক কার্য্যকলাপ লোপ পেতে বাধ্য হবে।


