রাজ্যে গবাদিপশুর সংরক্ষণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা
অজিত দাস
রাজ্য বিধানসভায় সম্প্রতি পাস হওয়া গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ কে সরকারের অভূতপূর্ব পদক্ষেপ আখ্যায়িত করার পাশাপাশি গরুর মাংস সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানালো মধুরবন্দ ইয়্যুথ কাউন্সিল। কাউন্সিল এর মতে,যেখানে পেট্রোল-ডিজেলের মূল্যমান সেঞ্চুরি অতিক্রম করেছে। ভোজ্য তেলের মূল্য আকাশছোঁয়া। সেসব বিষয়ে ঝড় না উঠে গরুর মাংস নিয়ে বিতর্ক সাধারণের মধ্যে বির্তকের সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে সংগঠন মনে করে।
রাজ্যজুড়ে গরুর মাংস বিক্রয়, ভক্ষণ এমনকি কর্তন করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা আরোপ করা হোক। তবে সাধারণের রুজি রোজগারের কথা মাথায় রেখে গরু পরিবহনের ক্ষেত্রে সরকারপক্ষের নমনীয় মনোভাব দেখানোর আবেদন জানাল ওই বেসরকারি সংগঠন।
বুধবার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে পাঠানো স্মারকলিপিতে সংগঠনের কর্মকর্তারা এই দাবির প্রেক্ষিতে রাজ্যজুড়ে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। সংগঠনের সভাপতি রাজা লস্কর বলেন, ওই একটা বিষয় হিন্দু এবং মুসলমান সমাজের মধ্যে ফাটল ধরানোর মাধ্যম হয়ে উঠেছে। যদিও ওই মাংস না খেলে এই সমাজের অধিকাংশের আপত্তি থাকার কথা নয়।
স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলি আহমেদ হাজী, সাধারণ সম্পাদক জসিম আহমেদ লস্কর, ফারুক আহমেদ মজুমদার, প্রমূখ। স্মারকলিপিতে সংগঠনের কর্মকর্তারা রাজ্যে গবাদিপশুর সংরক্ষণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।


