সামরিক বিমান ভেঙে ফিলিপাইন্সে হত ৪৫

< 1 - মিনিট |

বিমানটিতে ৩ পাইলট এবং ৫ বিমানকর্মী’সহ ৯৬ জন আরোহী ছিলেন।

KRC Times Desk

ফিলিপাইন্সে জওয়ানদের নিয়ে যাওয়ার পথে রবিবার  বায়ু সেনার পরিবহণ বিমান ভেঙে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে ।  জানা গেছে দক্ষিণের সুলু প্রদেশে অবতরণের সময়ে সি-১৩০ হারকিউলিস বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেঙে পড়া বিমান থেকে ৪২জন জওয়ানের দেহ উদ্দার করা হয়েছে। নিচে মাটিতে থাকা আরো তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ভেঙে পড়া বিমানটি থেকে ৪৯ জন জওয়ানকে উদ্ধার করা হয়।

ম্যানিলায় জনৈক সেনা আধিকারিক জানান, সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে নামার সময়ে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটার আগে বেশ কিছু সেনা বিমানটি থেকে ঝাঁপ দেন। সেই সময় দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা ৬ জন গ্রামবাসীর মধ্যে৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজানা ত্রাণ এবং উদ্ধারকাজ জারি থাকার খবর জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের পরিবহণ বিমানটিতে ৩ পাইলট এবং ৫ বিমানকর্মী’সহ ৯৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিমানটির চালকরা গুরুতর আহত। এবছরই সামরিক সহযোগিতা পরিকল্পনার অন্তর্গত দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে নিয়ে মার্কিন সেনার দুটি ব্যবহৃত সি-১৩০ ফিলিপাইন্সকে দেওয়া হয়।

রবিবার সুলু প্রদেশের পাতিকুল শহরের কাছে বাঙকাল গ্রামে বিমানটি ভেঙে পড়ে। ম্যানিলায় সাংবাদিকদের এই কথা জানান, সেনা প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা। সেনা আধিকারিকা জানান দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে উদ্ধারের পরে অন্তত ৫০ জন জওয়ানকে সুলু এবং কাছের জাম্বোয়ানুয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনার তরফে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির পিছনের দিকের অংশ মোটামুটি অক্ষত অবস্থায় দেখা গেছে। যদিও বিমানের বাদবাকি অংশ পুড়ে আশপাশে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

সরকারিভাবে জানানো হয়েছে দক্ষিণের কাগায়ান দে ওর শহর থেকে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের নিয়ে বিমানটি সুলু প্রদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ওই জওয়ানদের নিয়োগ করার কথা জানান সুলুর সেনা কমান্ডার মেজর জেনারেল উইলিয়াম গনজালওয়েজ। বিগত কয়েক দশক ধরেই মুসলিম প্রধান সুলুতে আবু সায়াফ গোষ্ঠীর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, ভুলবশত অবতরণের স্থান টপকে বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *