হিংসার জেরে মণিপুরে পর্যটনে ধাক্কা, কমেছে পর্যটকের সংখ্যা: মুখ্যমন্ত্রী

< 1 - মিনিট |

২০২৩-এর সংঘাতের আগে বছরে প্রায় ১.৭৫ লক্ষ পর্যটক আসতেন; ২০২৫-এ দেশীয় পর্যটক ২৫,২৮১, বিদেশি ২,৮৯২

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল, ২৭ সেপ্টেম্বর: ২০২৩ সালের জাতিগত সংঘাতের পর মণিপুরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ সিংহ। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিষ্ণুপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘস্থায়ী অস্থিরতার প্রভাব পড়েছে রাজ্যের পর্যটন শিল্পে।

মুখ্যমন্ত্রীর দাবি, সংঘাত শুরুর আগে মণিপুরে বছরে প্রায় ১.৭৫ লক্ষ পর্যটক আসতেন। তুলনায় মিজোরামে বছরে ৮ লক্ষের বেশি এবং সিকিমে ১৭ লক্ষের বেশি পর্যটক যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

খেমচন্দ বলেন, পর্যটন মণিপুরের জন্য গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস হয়ে উঠতে পারে। সেই সম্ভাবনা কাজে লাগাতে পর্যটন পরিকাঠামো এবং পরিষেবার উন্নয়ন প্রয়োজন। বিদেশি পর্যটকদের উপযোগী সুযোগ-সুবিধা তৈরির উপরও জোর দেন তিনি।

২০২৩ সালের মে মাসে শুরু হওয়া জাতিগত সংঘাতে এখনও পর্যন্ত ৩০৬ জনের মৃত্যু এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন বলে চলতি সেপ্টেম্বরেই বিধানসভায় জানিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোন্থৌজাম।

অনুষ্ঠানে রাজ্যপাল অজয় কুমার ভাল্লাও পর্যটনে স্থানীয় মানুষ ও সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন। স্থানীয় পরিবারগুলিকে পর্যটকদের থাকার ব্যবস্থা তৈরিতে উৎসাহ দিতে হোমস্টে ব্যবস্থার প্রসারের কথাও বলেন তিনি।

সরকারি পর্যটন তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মণিপুরে ২৫,২৮১ জন দেশীয় এবং ২,৮৯২ জন বিদেশি পর্যটক এসেছিলেন।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজ্যে পর্যটকের সংখ্যা ছিল ১২,৭৪৪ জন দেশীয় এবং ১,২১৯ জন বিদেশি।

পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে পরিকাঠামো উন্নয়ন, পর্যটন পরিষেবা সম্প্রসারণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *