আজ গৌড়ীয় মঠে শ্রীচৈতন্য মহাপ্রভু জাদুঘরের উদ্বোধন

< 1 - মিনিট |

বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগবাজার গৌড়ীয় মিশনে এদিন সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভু জাদুঘরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

সব প্রতীক্ষা শেষ হল এবার। বহু প্রতীক্ষার পর মঙ্গলবার উদ্বোধন হতে চলেছে গৌড়ীয় মঠে শ্রীচৈতন্য মহাপ্রভু জাদুঘরের। বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগবাজার গৌড়ীয় মিশনে এদিন সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভু জাদুঘরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গবেষক ও ভক্তদের কৌতূহল জাগানোর মতো বহু সামগ্রীই সেখানে রাখা হবে বলে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান সামাজিক পরিস্থিতিতে শ্রীচৈতন্যকে নতুন ভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে আসা হবে।

চারতলার এই জাদুঘরের প্রতিটি তলাই ঘুরিয়ে দেখানো হবে মুখ্যমন্ত্রীকে। কাচের দরজা ঠেলে জাদুঘরে ঢুকতেই দেখা মিলবে শ্রীচৈতন্যের একটি প্রমাণ মাপের মূর্তির। গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জাদুঘরের দায়িত্ব দেওয়া হয়েছে মধুসূদন মহারাজকে। তিনি বলেন, ‘যে পাথর দিয়ে এই মূর্তি তৈরি করা হয়েছে, সেই পাথর জয়সলমির থেকে আনা। একটা মাত্র পাথর কেটে এই মূর্তি তৈরি করেছেন জয়পুরের এক শিল্পী।’ জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত এই সন্ন্যাসী জানিয়েছেন, বিভিন্ন বৈষ্ণব সাহিত্য ও শ্রীচৈতন্য সম্পর্কে যে সব প্রামাণ্য লেখা পাওয়া যায়, সেই সব লেখায় শ্রীচৈতন্যের যা বর্ণনা আছে, সেই বর্ণনা অনুযায়ী এই মূর্তি তৈরি করানো হয়েছে।

উদ্যোক্তারা জানান, বিভিন্ন জায়গায় শ্রীচৈতন্যের পায়ের ছাপ আছে। সেই ছাপের যা দৈর্ঘ্য, সেই অনুপাতে তাঁর দেহসৌষ্ঠব কেমন হতে পারে, সেটা ভেবে নিয়ে মূর্তি তৈরি করা হয়েছে। সেই মাপ নিয়ে একজোড়া পাদুকাও তৈরি করানো হয়েছে। জাদুঘরের থাকবে তালপাতায় শ্রীচৈতন্যের হস্তাক্ষর। একফালি তালপাতায় লেখা গীতার একটি টিপ্পনী। সংগ্রহশালার অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে সেই তালপাতাই। এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদেরা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news