ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে কলেজ সার্ভিস কমিশন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতেই অবস্থান বিক্ষোভ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের
কে আর সি টাইমস ডেস্ক
গত ১৯ আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ঘোষণায় জানানো হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চুক্তিভিত্তিক অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। যারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গত এক সপ্তাহ ধরে শতাধিক গবেষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে এই ঘোষণা বাতিল করার দাবি করেছেন। সোমবার পুনরায় প্রশাসনিক ভবন ঘেরাও করে দিনভর বিক্ষোভ কর্মসূচি করে তারা। গবেষকদের পক্ষ থেকে জয়দেব পাত্র বলেন-“কলেজ সার্ভিস কমিশনের নিয়ম কে ভেঙে অতিথি শিক্ষক নিয়োগ করা হচ্ছে যা সংবিধানবিরোধী। এর দ্বারা গবেষকদের পরিসর কমানো হবে।আমাদের ভবিষ্যত থাকবে না৷ আমরা তাই দাবি করছি ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে কলেজ সার্ভিস কমিশন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে, সমস্ত নিয়োগই ইউজিসির নিয়ম মেনে করতে হবে। সেই সঙ্গে নেট ও সেট পরীক্ষার পদ্ধতিগুলিও সক্রিয় রাখতে হবে।” এই সমস্ত দাবিগুলি নিয়ে গবেষকরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে লিখিতভাবে জানিয়েছেন। অবিলম্বে পূর্বঘোষণা বাতিল করার দাবি জানিয়েছেন তারা।


