জল ছাড়ার ফলে ইতিমধ্যে সুবর্নরেখা নদীতে জলস্তর বাড়লেও এখনো বিপদসীমার উপর দিয়ে যায়নি
কে আর সি টাইমস ডেস্ক
ঝাড়খন্ডের গালুডি ড্যাম থেকে এক লক্ষ আটষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে। জল ছাড়ায় সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করল জেলা প্রশাসন। জল ছাড়ার ফলে গোপীবল্লভপুর এক এবং দুই, নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকের নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে নদীতে মাছ ধরতে যাওয়া ও স্নান করতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গোটা এলাকা জুড়ে মাইকিং করে সচেতন করছেন মানুষজনকে।
প্রশাসন সুত্রের খবর জল ছাড়ার ফলে ইতিমধ্যে সুবর্নরেখা নদীতে জলস্তর বাড়লেও এখনো বিপদসীমার উপর দিয়ে যায়নি। তবে জল ছাড়ার পরেই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।নদী তিরবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা জারি করা হচ্ছে। নদী তিরবর্তী নিচু যে সব এলাকায় মানুষ জন বসবাস করে সেই সব এলাকায় জল ঢোকার পরিস্থিতি তৈরির আগেই যাতে মানুষ জনকে সরানো যায় তার ব্যবস্থা নিয়েছে বিভিন্ন ব্লক প্রশাসন গুলি।
সুবর্নরেখা নদীর তিরবর্তী চারটি ব্লকেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রেখে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।ত্রানের প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা হয়েছে ব্লক গুলি। শুকনো খাওয়ার,ত্রিপল যাতে দ্রুত বন্টন করা যায় তার ব্যবস্থা রাখা হয়েছে।প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের টিম।
ব্লকের ফ্লাড সেন্টার গুলি সহ উচু এলাকার বিভিন্ন স্কুল গুলিতে যে কোন সময় মানুষজনদের প্রয়োজন অনুযায়ী সরানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।


