পশ্চিমবঙ্গে হোটেল শিল্পে চাকরিতে কেন্দ্রীয় উদ্যোগ, শিবির ২৩ সেপ্টেম্বর

2 - মিনিট |

২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে নিয়োগ প্রক্রিয়া। এরপর ২৭ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে’তে হবে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পালা

কে আর সি টাইমস ডেস্ক

পশ্চিমবঙ্গে হোটেল ও হসপিটালিটি শিল্পে চাকরির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র। এই শহরেই জব ফেয়ারের আয়োজন করছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। এখানকার কর্তাদের দাবি, শহরে কেন্দ্রীয় সরকারি উদ্যোগে এমন আয়োজন এই প্রথম। 

চলতি মাসের শেষ দিকে ওই চাকরির মেলা বসবে। তবে কর্মদাতাদের সঙ্গে কর্মপ্রার্থীদের মুখোমুখি বসানোর নিছক আয়োজন করা এর উদ্দেশ্য নয়। চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পর্যটন মন্ত্রক। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ওই নিয়োগপত্র তুলে দেবে বিভিন্ন নামজাদা সংস্থা। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওই জব ফেয়ারের আয়োজন হলেও, পূর্ব ভারতের সমস্ত হোটেল ম্যানেজমেন্ট বা সমতুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করতে পারবেন, এমনটাই জানা গিয়েছে। 

চারদিনের জন্য যে চাকরি-মেলার আয়োজন করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ‘কেরিয়ার ইস্ট’। ২৩ সেপ্টেম্বর ওই মেলা শুরু হবে। ওই দিন বিভিন্ন সংস্থা নিজেদের কাজের পরিধি তুলে ধরবে। ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে নিয়োগ প্রক্রিয়া। এরপর ২৭ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে’তে হবে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পালা। তারাতলার ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ক্যাম্পাসে গোটা অনুষ্ঠানটি হওয়ার কথা। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে সংস্থাগুলি ওই জব ফেয়ারে চাকরিদাতা হিসেবে অংশ নেবে, তাদের মধ্যে অন্যতম জেডব্লু ম্যারিয়ট, আইটিসি হোটেলস, ওয়েস্টিন, হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল, অ্যাকর হোটেলস, দি পার্ক, লেমন ট্রি, সি সনেট, দি ললিত, স্বস্তি, সুইসোতেল, নভোটেল, আইবিস, তাজ, হায়াত, মেফেয়ার প্রভৃতি।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় প্রধান সাগ্নিক চৌধুরী জানিয়েছেন, আমরা প্রায় ৫০টি সংস্থাকে চাকরিদাতা হিসেবে ওই জব ফেয়ারে হাজির করানোর পরিকল্পনা করেছি। ইতিমধ্যেই প্রায় ৮০০ আবেদন পেয়েছি ছাত্রছাত্রীদের থেকে। আমাদের আশা, সেই সংখ্যা দু’হাজার ছাড়াবে। এই ফেয়ারে হাজির থাকার জন্য কোনও রেজিস্ট্রেশন ফি নেই। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবরে হোটেল ম্যানেজমেন্টের অন্তত তিন বছরের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ করলে, তারা এখানে অংশ নিতে পারবে, জানিয়েছেন সাগ্নিকবাবু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে যে ছাত্রছাত্রী ওই জব ফেয়ারে উপস্থিত হবেন, তাঁদের নামের তালিকা পাঠাতে হবে ইনস্টিটিউটের মাধ্যমেই। আগে থেকেই সেই কাজ সেরে ফেলতে হবে। 

যে চারদিন ধরে অনুষ্ঠান চলবে, সেখানে ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা সরাসরি হাজির হয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ নেই। সাগ্নিকবাবুদের দাবি, কলকাতায় তাঁদের মন্ত্রকের ব্যানারে এমন উদ্যোগ আগে কখনও হয়নি। বিশ্বের সেরা হোটেলগুলি এখানে যেমন জানাবে তাদের কী প্রয়োজন, তেমনই চাকরি পাওয়ার ক্ষেত্রে এত বড় মাপের সুযোগ হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরাও খুব কম পাবেন, দাবি করেছেন তিনি। পর্যটনের প্রসারে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করা ছাড়া পর্যটন মন্ত্রকের বিশেষ কিছু করার থাকে না। এবার সরাসরি জব ফেয়ারের আয়োজন করেছে তারা। কলকাতায় এমন কাজের বাজার তৈরির উদ্যোগে খুশি হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *