গুরুত্বপূর্ণ এই ডাক বিভাগের, এমন ধরনের উদাসীনতায় হতবাক হয়ে গিয়েছেন তুহিনবাবু। তাঁর আজ মনেও নেই কী নথি তিনি পোস্ট করেছিলেন
কে আর সি টাইমস ডেস্ক
একদিন বা দুদিন বাদে নয়, ১৯ বছর পরে স্পিড পোস্টে ডেলিভারি হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ডাক বিভাগের এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মুখ্য ডাকঘরে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডাক কর্তৃপক্ষ|
রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী তুহিন শঙ্কর চন্দের পয়লা জানুয়ারী ২০০০ সালের স্পিড পোস্টে পাঠানো জরুরি চিঠি গন্তব্যে পৌঁছেছে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর। এদিনই তিনি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে ডেলিভারি সংক্রান্ত নোটিশ পেয়েছেন। গোটা ঘটনায় হতবাক তিনি। তবে অভিযোগ জানালে কোনও কর্মচারীর উপর চাকুরি যাওয়ার খাঁড়া পরতে পারে এই আশঙ্কায় তিনি কোনও অভিযোগও জানাতে চান না।
রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী তথা সাহিত্যিক তুহিনবাবু ২০০০ সালের একটি গুরুত্বপূর্ণ নথি রায়গঞ্জ মুখ্য ডাকঘরের মাধ্যমে স্পিড পোস্টে পোস্ট করেছিলেন। ১৯ বছর পর তাঁর সেই নথি ডেলিভারি হয়েছে বলে গতকাল বুধবার তাঁকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। তাতে লেখা রয়েছে ১১/০৯/১৯ তারিখে তাঁর নথি ডেলিভারি হয়েছে। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এই ডাক বিভাগের, এমন ধরনের উদাসীনতায় হতবাক হয়ে গিয়েছেন তুহিনবাবু। তাঁর আজ মনেও নেই কী নথি তিনি পোস্ট করেছিলেন।
ডাক বিভাগের এই ধরনের উদাসীনতার শিকার তিনি আগেও হয়েছেন বলে জানিয়েছেন। তবে এনিয়ে তিনি নির্দিষ্ট কোনও অভিযোগ জানাতে চান না। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাকুরি টিকে থাকা নিয়ে দেশজুড়ে ডামাডোল চলছে। তার মধ্যে তাঁর অভিযোগ পেলে হয়তো ডাক বিভাগের কোনও কর্মচারীর চাকুরি চলে যেতে পারে। এটা তিনি চান না। রায়গঞ্জ মুখ্য ডাকঘর কর্তৃপক্ষ এব্যাপারে মুখ খুলতে নারাজ।
বিষয়টি চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্যের নজরে আসলে তিনি বলেন, “ঘটনাটি দেখতে বললাম … নিশ্চয়ই সিস্টেম জেনারেটেড এস এম এস বুকিং তারিখে কিছু ভুল করেছে| কেন না বিশ বছর আগে প্রেরকের মোবাইল নম্বর নথিভুক্ত করার কোনও অবকাশ ছিল না!”


