এই নিয়ে মোট ৯৭ টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে কে এম আর সি এল এর জেনারেল ম্যানেজার ( প্রশাসন) এ কে নন্দী জানান
কে আর সি টাইমস ডেস্ক
২৩০ টি পরিবার ফিরে পেতে পারে তাদের বাড়ি। এমনই ইঙ্গিত দিলেন, কে এম আর সি এল এর এম ডি মানস সরকার। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মলয় দের পৌরোহিত্যে মেট্রো কর্তৃপক্ষ ও বৌবাজারে ক্ষতিগ্রস্থদের নিয়ে বৈঠকের মানস বাবু একথা জানান। তিনি বলেন, বৌবাজারে বাড়িগুলি সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে অনেক বাড়ির অবস্থা স্বাভাবিক, সেগুলি ভাঙা নাও হতে পারে, রেখে দেওয়া হতে পারে।
ক্ষতিপূরণ নিয়ে দেওয়া মুচলেখার মধ্যে ১১২ টি ক্ষেত্রে মালিকানা নিয়ে গরমিল মেলায়, প্রকৃত কজন ক্ষতিপূরণ পাবেন, সেই বিষয়ে আবার সমীক্ষা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এর জন্য কলকাতা পুলিশ ও স্থানীয় কাউন্সিলারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা বৌবাজারের বাসিন্দাদের সঙ্গে কথা বলে, দোকানদারদের সংখ্যা ও তাদের জায়গার পরিমান খতিয়ে দেখে ক্ষতিপূরণ প্রাপকের নাম ঠিক করবে। এদিকে এদিন আরও ১৪ টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এই নিয়ে মোট ৯৭ টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে কে এম আর সি এল এর জেনারেল ম্যানেজার ( প্রশাসন) এ কে নন্দী জানান। অন্যদিকে এদিন ২০ টি বাড়িকে অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে কলকাতা পুরসভার কাছ থেকে বাড়িগুলির নকশা ও ভাড়াটিয়াদের তথ্য চাওয়া হয়েছে। এই বাড়িগুলিকে হয়তো ভেঙে ফেলতে হবে বলে জানান সংস্থার চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) বিশ্বনাথ দেওয়ানজী। এদিন বিল্ডিং বিশেষজ্ঞ কমিটি আরো ১৭ টি মিলিয়ে মোট ৩৫ টি বাড়ি পরিদর্শন করেছে বলে জানান তিনি। সুড়ঙ্গের মধ্যে জলের চাপও এখন স্বাভাবিক বলে জানান তিনি।


