প্রয়াত বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত

2 - মিনিট |

শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত । সোমবার সকাল ১০ টা ৪২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসুস্থতার জেরে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে । এদিন সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর । কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি । আজ হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বর্তমান ভবনে । তারপর তাঁর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে । আনন্দবাজার পত্রিকার খ্যাতনামা সাংবাদিক বরুণ সেনগুপ্ত ১৯৮৪ সালের ৭ নভেম্বর থেকে নিজস্ব উদ্যোগে বর্তমান পত্রিকার প্রকাশনা শুরু করেন । ৭৬, আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের কার্যালয় থেকে প্রথম প্রকাশনা শুরু করলেও সম্প্রতি পূর্ব কলকাতার বাইপাসের ধারে হ্যালডেন অ্যাভিনিউয়ের নিজস্ব ভবন থেকে বর্তমান পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় । পত্রিকার কলকাতা সংস্করণ ছাড়াও শিলিগুড়ির নিজস্ব প্রেস থেকে আলাদা উত্তরবঙ্গ সংস্করণ প্রকাশিত হয় । ২০০৮ সালের ১৯ জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর থেকেই পত্রিকার দায়ভার নেন বোন শুভা দত্ত । পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়েই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি । মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল । কিন্তু গতরাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকালে মৃত্যু হয় । আজই ছিল তাঁর জন্মদিন । শুভা দত্তের আদি বাড়ি বরিশালে । পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট । তাঁর বাবা স্বর্গত নির্মলানন্দ সেনগুপ্ত । মা স্বর্গতা রানী সেনগুপ্ত । স্বামী স্বর্গত কুশল দত্ত । একসময় শুভা দত্ত মন্টেসরি স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন । বর্তমানের প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্ত ছিলেন তাঁর মেজদা । তাঁকে নিয়ে একটি বইও লিখেছিলেন শুভা দত্ত । বইটির নাম ‘মেজদা’। একসময় শুভা দত্ত বর্তমান প্রকাশনার মাসিক পত্রিকা ‘সুখী গৃহকোণ’ সম্পাদনা করতেন । বরুণবাবুর মৃত্যুর পরে তিনি দক্ষতার সঙ্গে বর্তমান সংবাদপত্রটি পরিচালনা করেন । শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ হাসপাতালেও যান । সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম । শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ‘বর্তমান’ আজ এই জায়গায় পৌঁছেছে। বর্তমানের পাঠক ও শুভা দত্তের পরিবারের প্রতি তিনি গভীর সহানুভূতি জানান। মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লিখেছেন, ‘বর্তমানের সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন । ‘বর্তমান’-এর প্রতিষ্ঠাতা বরুণদার পর শুভাদি ছিলেন । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ‘বর্তমান’ আজ এই জায়গায় পৌঁছেছে । শুভাদির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত । উনি আমাকে খুব স্নেহ করতেন । তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি । আমি ‘বর্তমান’ সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি’। গত এগারো বছর ধরে বাংলার অন্যতম জনপ্রিয় বাংলা পত্রিকা বর্তমানের সম্পাদকের পদ সামলাচ্ছিলেন তিনি । তাঁর মতো সহানুভূতিশীল সম্পাদককে হারিয়ে শোকস্তব্ধ বর্তমানের কর্মীরা । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও শুভা দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *