সারা দেশেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারও এই শিল্পকে উৎসাহ দিচ্ছে
কে আর সি টাইমস ডেস্ক
উত্তর-পূর্বাঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে ৭৫ শতাংশ ভরতুকি দেবে কেন্দ্রীয় সরকার। কারণ, এই অঞ্চলের যেভাবে উন্নতি হওয়া উচিত ছিল সেভাবে উন্নয়ন হয়নি। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। তাঁর কথায়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সাথে ত্রিপুরায়ও এর প্রভাব লক্ষ্য করা যাবে। ত্রিপুরায় মেগা ফুড পার্কে সহস্রাধিক কর্মসংস্থান হবে, দাবি করেন তিনি।
এদিন তিনি বলেন, সারা দেশেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারও এই শিল্পকে উৎসাহ দিচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৪২টি ফুড পার্ক গড়ে তোলা হয়েছে। আরো পঁচটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, নতুন পাঁচটি ফুড পার্কের মধ্যে দুটি রয়েছে উত্তর-পূর্বাঞ্চলে। অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে দুটি ফুড পার্ক খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, জানান তিনি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, ত্রিপুরায় মেগা ফুড পার্কের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওই ধরনের ফুড পার্কে ২৫টি শিল্পোদ্যোগের প্রয়োজন রয়েছে। ত্রিপুরা সরকারের কাছ থেকে জানতে পেরেছি, অনেক কোম্পানি একেক করে আসছে। তিনি জানান, আজ ত্রিপুরায় এসেই মেগা ফুড পার্ক ঘুরে দেখেছি। সেখানে শিল্পপতিদের সাথে কথা বলেছি। সাথে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সাথেও আলোচনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয়তার খোঁজখবর নিয়েছি। মন্ত্রী দাবি করেন, ত্রিপুরায় মেগা ফুড পার্কে সহস্রাধিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সেখানে ক্রমপর্যায়ে শিল্প গড়ে উঠলে, একই সাথে কর্মসংস্থানও হবে। তাঁর কথায়, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। কারণ স্বাধীনতার ৭০ বছরে এই অঞ্চলের যতটুকু উন্নতি হওয়ার প্রয়োজন ছিল সেই মতো উন্নয়ন হয়নি। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ ভরতুকি দেবে। এতে প্রচুর শিল্প গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।


