আদালত চার নেশা কারবারী তথা পাচারকারীকে ধুবড়ির জেলা কারাগারে পাঠিয়েছে।
কে আর সি টাইমস ডেস্ক
দক্ষিণ শালমারা মানকাচর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলা-সহ চার ড্ৰাগস পাচারকারীকে গ্রেফতার করেছে মানকাচর থানার পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিশাল পরিমাণের নেশাদ্রব্য।
মানকাচর থানার ওসি বিনোদকুমার দাস শুক্রবার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় দশটা নাগাদ বাংলাদেশ সীমান্তবৰ্তী এলাকায় তাঁরা নেশাবিরোধী অভিযান চালান। ওই অভিযানে ২ নম্বর পুবেরগ্রামের জনৈক বিল্লাল খন্দকারের ছেলে মাহমুদুল হাসেন খন্দকার (২২), মানকাচরের সরাকারপাড়া নিউমাৰ্কেটের আতাউর রহমানের ছেলে জান মিয়াঁ (৩৫), তার স্ত্রী সায়না বেগম (২৮) এবং পলাতক ড্ৰাগস পাচারকারী সাব্বির হুসেনের স্ত্রী আকলিমা হুসেন (৩০)-কে আটক করেছেন। তাদের হেফাজত থেকে ১৩৮ শিশি রি-কাফ সিরাপ এবং ১১৯৫টি একেএস প্রইমেভান ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান ওসি দাস।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এদের সবাইকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারা বলে গ্রেফতার করে আজ বিকেলে হাটশিঙিমারির বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছিল। আদালত চার নেশা কারবারী তথা পাচারকারীকে ধুবড়ির জেলা কারাগারে পাঠিয়েছে।


