নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের ‘আইকন’ হিসেবেই পরিচিত ছিলেন শেষন
কে আর সি টাইমস ডেস্ক
সচিত্র পরিচয়পত্র চালু করা, ভোটে টাকা ছড়ানো বন্ধের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এনেছিলেন তিরুনেল্লাই নারায়ণ আইয়ার শেষন। নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের ‘আইকন’ হিসেবেই পরিচিত ছিলেন শেষন। রবিবার রাতে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন। শেষনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শেষনকে ‘সমস্ত মুখ্য নির্বাচন কমিশনার-এর অনুপ্রেরণার উৎস’ আখ্যা দিয়ে সুনীল অরোরা জানিয়েছেন, ‘শ্রী টি এন শেষনের প্রয়াণে ব্যথিত নির্বাচন কমিশন। তিনি একজন কিংবদন্তী ছিলেন। আগামী দিনে তিনি সর্বদাই সমস্ত মুখ্য নির্বাচন কমিশনারদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’
১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলান টি এন শেষন। প্রশাসনিক দক্ষতার জন্য পেয়েছিলেন ম্যাগসাইসাই পুরস্কার। মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার আগে ক্যাবিনেট সচিবের দায়িত্ব সামলেছেন শেষন। সচিত্র পরিচয়পত্র চালু এবং ভোটে টাকা ছড়ানো বন্ধের মতো পদক্ষেপ করে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এনেছিলেন শেষন। হয়ে উঠেছিলেন ‘আইকন’।


