রাফাল মামলায় স্বস্তিতে মোদি সরকার
কে আর সি টাইমস ডেস্ক
রাফাল মামলায় স্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার। বড়সড় ধাক্কা খেল কংগ্রেস-সহ বিরোধীরা। রাফাল মামলায় তদন্তের আর কোনও প্রয়োজন নেই। ২০১৮ সালের ১৪ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ‘রাফাল মামলায় এফআইআর অথবা রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন।’ শুধুমাত্র দুর্নীতি নয়, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাফাল মামলা। ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা।
সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। কিন্তু, সেই আর্জি খারিজ করে কেন্দ্রকে ক্লিনচিট দেয় সর্বোচ্চ আদালত। এরপর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং সমাজকর্মী-আইনজীবী প্রশান্ত ভূষণ। রিট পিটিশনের শুনানি শেষ হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার রাফাল মামলায় রায় পুনর্বিবেচনার আর্জির শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ‘‘রাফাল মামলায় এফআইআর অথবা রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন।’


