বৃষ্টি ও প্রবল তুষারপাতের কারণে এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় আসতে পারেননি বেশ কয়েকজন বিধায়ক।
কে আর সি টাইমস ডেস্ক
জাঁকিয়ে শীতের দাপট বহাল রয়েছে হিমাচল প্রদেশে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বৃষ্টি ও তুষারপাতের ফলে বরফে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার রাত থেকেই নিরবচ্ছিন্ন বৃষ্টি ও তুষারপাত অব্যাহত। শৈত্যপ্রবাহের কারণে শিমলা, মানালি, লাহুল এবং স্পিতি, কিন্নৌর-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। একনাগাড়ে তুষারপাতের জেরে তাপমাত্রাও নেমেছে হিমাঙ্কের নীচে। শুক্রবার রাত থেকে অবিরাম তুষারপাতের জেরে শনিবার শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ে যায় হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চল। শিমলা জেলার নারকান্ডা টাউনে রাস্তা, গাছপালা, বাড়ির ছাদ সর্বত্রই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। তুষারপাতের জেরে হাসান উপত্যকার কাছে ধাল্লি এবং ছরাবঢ়ার মাঝে আটকে পড়েন শতাধিক মানুষ। জেলা প্রশাসন, পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীদের তত্পরতায় তাঁদের উদ্ধার করা হয়। শিমলার ডিসি অমিত কাশ্যপ জানিয়েছেন, প্রবল তুষারপাতের কারণে হাসান উপত্যকার কাছে ধাল্লি এবং ছরাবঢ়ার মাঝে আটকে পড়েছিল প্রাইভেট গাড়ি ও পর্যটকবোঝাই বাস-সহ অসংখ্য যানবাহন। জেলা প্রশাসন, পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীদের তত্পরতায় তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকাজ চলে শনিবার ভোর চারটে পর্যন্ত। এখন অধিবেশন চলছে হিমাচল প্রদেশ বিধানসভায়। বৃষ্টি ও প্রবল তুষারপাতের কারণে এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় আসতে পারেননি বেশ কয়েকজন বিধায়ক। রাস্তায় বরফ জমে থাকার কারণে বেশ কয়েকজন বিধায়ক আটকে পড়েন। ফলে বেলা এগারোটার পরিবর্তে ১১.৩০ মিনিট থেকে শুরু হয় অধিবেশন।


