প্রশাসনের দাবি, ক্যাম্পাসের বাইরে চারটি সরকারি বাস এবং দুইটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারিরা।
কে আর সি টাইমস ডেস্ক
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে ছাত্রদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটার ইরফান পাঠান।
ভারতের হয়ে ২৯টি টেস্ট এবং ১২০ একদিনের ম্যাচ খেলা ফাস্ট বোলার ইরফান পাঠান বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটবার্তায় লিখেছেন, ‘রাজনৈতিক দোষারোপের খেলা চলবে। কিন্তু আমি এবং দেশবাসী পড়ুয়াদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন।’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ক্যাম্পাস চত্বরে প্রবেশ করে পুলিশ। শুরু হয় ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ক্যাম্পাস। ছাত্রদের উপর লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান অভিযোগ করেন, বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঢুকে পড়ুয়াদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে পুলিশ। শুধু তাই নয়, জোর করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে পড়ুয়া এবং কর্মীদের বার করে দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ৷ অন্যদিকে প্রশাসনের দাবি, ক্যাম্পাসের বাইরে চারটি সরকারি বাস এবং দুইটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারিরা।


