নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হল রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| এই মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে এই আবেদন করেছে বিনয় কুমার শর্মা|
কে আর সি টাইমস ডেস্ক
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): নির্ভয়া কাণ্ডে দোষীদের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে চার দোষী, যথাক্রমে-পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় কুমার শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| এবার নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হল রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| এই মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে এই আবেদন করেছে বিনয় কুমার শর্মা| কিউরেটিভ পিটিশনের ফলে নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় ফের এক দফা আইনি লড়াই শুরু হল|
গত ৭ জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল, দোষীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাতে পারে| ক্ষমাভিক্ষাও করতে পারে| এবার নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) করল ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় কুমার শর্মা|
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী, প্যারামেডিক্যাল ছাত্রী ‘নির্ভয়া’-কে গণধর্ষণ করে ৬ জন দুষ্কৃতী| নির্ভয়া এবং তাঁর বন্ধু অবীন্দ্র প্রতাপের উপর নৃশংস অত্যাচার চালায় তারা| নির্ভয়ার উপর চলা নির্যাতনের বীভত্সতা স্তম্ভিত, লজ্জিত, ক্রুদ্ধ করেছিল গোটা দেশবাসীকে| দীর্ঘ সাত বছর ধরে বিচারপর্ব চলার পর গত ৭ জানুয়ারি দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|


