দাঙ্গায় উস্কানির অভিযোগে সারজিল ইমামের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

< 1 - মিনিট |

দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সারজিল ইমামের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

কে আর সি টাইমস ডেস্ক

দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সারজিল ইমামের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর ভিত্তিতে সারজিল ইমামের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ এনে মামলা করে অসম সরকার। ভাইরাল হওয়া এক ভিডিওতে সারজিলকে বলতে দেখা যায়, ‘‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত। অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। কয়েক মাসের মধ্যে সব বাংলাভাষীকে মারা হবে। যথেচ্ছভাবে তাঁদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তাই রেললাইন বিচ্ছিন্ন করে ভারত থেকে অসমকে আলাদা করতে হবে। পুরো না হলেও কয়েক দিনের জন্যে।’’ এই মন্তব্যকে প্ররোচনামূলক মনে করেই মামলা রুজু করে অসম সরকার। শাহিনবাগ আন্দোলনের প্রধান মুখ সারজিল ইমাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। শাহিনবাগে ধর্না শুরু হওয়ার সময় থেকেই ঘরছাড়া তিনি। সিএএ-এর বিরুদ্ধে লাগাতার লিখে গিয়েছেন বেশ কয়েকটি হিন্দি ও ইংরেজি সংবাদপত্রে। যদিও বিক্ষুব্ধদের একাংশের মত, মতানৈক্যের জন্যে শাহিনবাগ আন্দোলন থেকে সরে গিয়েছেন সারজিল। অতীতেও বারবার বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়ে। অযোধ্যা মামলার রায় ঘোষিত হওয়ার পরে সংবিধান পুড়িয়ে দেওয়ার কথা শোনা যায় তাঁর মুখে। সম্প্রতি তাঁর এই ভিডিওটি সামনে আসায় নড়েচড়ে বসেছে শাসকশিবিরও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *