এবার নতুন শিক্ষানীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

< 1 - মিনিট |

এবার নতুন শিক্ষানীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বাজেট বক্তৃতায় এমন ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কে আর সি টাইমস ডেস্ক

এবার নতুন শিক্ষানীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বাজেট বক্তৃতায় এমন ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বাজেট বক্তৃতায় তিনি জানান, চলতি বছরে শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা। শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের দরজাও খুলে দেওয়া হচ্ছে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের আওতায় বৃত্তিমূলক শিক্ষায় বরাদ্দ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা। চাকরিভিত্তিক পড়াশোনার ওপর জোর দিতে চায় কেন্দ্র। এবারের বাজেটে দেশে নতুন দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের কথাও বলেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় ও ফরেন্সিক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি। এবার থেকে ভারতকে শিক্ষার হাব গড়ে তোলার লক্ষ্যে নতুন পরীক্ষার সূচনার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এই পরীক্ষায় এশিয়া ও আফ্রিকার পড়ুয়ারা বসতে পারবে। বিশ্বের প্রথম ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ভারতের প্রতিষ্ঠান স্থান পায়, নজর রাখা হবে সেদিকেও। এছাড়াও উচ্চশিক্ষার সুবিধার জন্য অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করা হবে। এত বড় দেশে শিক্ষা যেন সর্বত্র পৌঁছয়, সেই ভাবনা থেকে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। ১৫০টি উচ্চ শিক্ষায় সেন্টারে অ্যাপ্রেন্টিস চালু করা হবে। দেশে প্রশিক্ষিত নার্সের চাহিদা অনেক বেশি, তাই স্বাস্থ্যমন্ত্রকের অধীনে নতুন ব্রিজ কোর্সের পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করবে কেন্দ্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *