নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদে আড়ালে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানালেন বর্ষীয়ান সাংসদ রবীন্দ্রকিশোর সিনহা
কে আর সি টাইমস ডেস্ক
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদে আড়ালে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানালেন বর্ষীয়ান সাংসদ রবীন্দ্রকিশোর সিনহা। রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করার জন্য জিরো আওয়ারে নোটিশ বা আর্জি জানান তিনি।
এদিন সিএএ বিরোধী আন্দোলনকে একহাত নিয়ে রবীন্দ্রকিশোর সিনহা রাজ্যসভায় দাবি করেন যে, এই সকল আন্দোলনের আড়ালে দেশবিরোধী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যকলাপ বেড়ে গিয়েছে। চক্রান্ত করেই এমন কাজ হচ্ছে। পাশাপাশি কেন্দ্রের কাছে বর্ষীয়ান এই বিজেপি নেতা দাবি করেন যে, দেশদ্রোহী নেতাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। সিএএ-র ফলে কারও যে নাগরিকত্ব যাবে না তা নিশ্চিত। এই আইন নাগরিকত্ব দেওয়ার। কিন্তু বিক্ষোভকারিরা বিষয়টি বুঝতে চাইছে না। ফলে এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ করা যেতে পারে, সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের বলে।


