লেফট পার্টির তরফে এই রাজনৈতিক সঙ্কটের জন্য সরাসরি লফওয়েনকেই দায়ী করা হয়েছে
KRC Times Desk
পতন ঘটল সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের।সোমবার আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফওয়েন।এর ফলে সে দেশের পার্লামেন্টের স্পিকারকে এক সপ্তাহের মধ্যেই নতুন সরকার নির্বাচন করতে হবে, নইলে নতুন করে সাধারণ নির্বাচনে যেতে হবে সুইডেনকে।
বর্তমানে লেফট পার্টির সমর্থনে এতদিন সরকার চালাচ্ছিলেন মধ্যবাম স্টিফেন লফওয়েন। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে চিড় ধরে শরিক দলের সাথে সম্পর্কে। তারপরেই সরকার থেকে সমর্থন তুলে নেয় লেফট পার্টি। ৩৪৯ সদস্যের সুইডিশ সংসদে, ম্যাজিক ফিগার ১৭৫। আস্থা ভোটে লফওয়েনের বিপক্ষে ভোট পড়েছে ১৮১টি। ফলে সরাসরি ক্ষমতাচ্যুৎ হলেন সোশ্যাল ডেমোক্রাটরা।
এর ঠিক পরেই জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্র্যাট পার্টির তরফে বিবৃতি জারি করে লফওয়েন সরকারের তুমুল সমালোচনা করা হয়। সেদলের নেতা জিমি অ্যাক্কেসন জানান, সেদেশের ইতিহাসে এমন দুর্বল সরকার আগে ক্ষমতায় আসেনি।
লেফট পার্টির তরফে এই রাজনৈতিক সঙ্কটের জন্য সরাসরি লফওয়েনকেই দায়ী করা হয়েছে। লেফট পার্টির নেত্রী নুশী ডাডগোস্টার জানিয়েছেন সোশ্যাল ডেমোক্রাটরাই বামপন্থী এবং সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলেও লেফট পার্টি এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না, যাতে উগ্রজাতীয়তাবাদী শক্তিগুলির সুবিধা হয়।
সুইডেনের সংসদে বর্তমানে লফওয়েনের সোশ্যাল ডেমোক্রাট পার্টির ১০০জন সদস্য রয়েছে। প্রধান বিরোধী শক্তি মধ্যপন্থী দলের সদস্য সংখ্যা ৭০, এবং সুইডেন ডেমোক্র্যাটদের সদস্য সংখ্যা ৬২। অপরদিকে সংসদে ৮% ভোট নিয়ে লেফট পার্টির সদস্য সংখ্যা ২৭ জন।


