ক্ষতবিক্ষত মানবিকতার গায়ে আরেকটি ঘাঁ
KRC Times Desk
মানবিকতা আজ কোন স্তরে নেমে এসেছে তা সত্যিই ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা না হলে মাত্র তিন মাসের নিস্পাপ শিশুকে কি কেউ হত্যা করতে পারে?
হ্যাঁ, তিন মাসের শিশুকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল দুজন ব্যক্তির বিরুদ্ধে। দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তৃতীয় লিঙ্গের অন্তর্গত। প্রশাসন সূত্রে খবর তিন মাসের শিশুটিকে আশীর্বাদ করার জন্য তার বাড়িতে উপস্থিত হয় এক বৃহন্নলা। তাকে আশীর্বাদ করার পর পরিবারের লোকেদের কাছে টাকা নারকেল এবং শাড়ি দাবি করা হয় পারিশ্রমিক হিসেবে। পরিবারের লোকেরা তাকে তার দাবি অনুযায়ী জিনিস দিতে নারাজ হলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে থাকে। এবং পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
ঘটনাটি ঘটার পর বৃহস্পতিবার অভিযুক্তরা শিশুটিকে অপহরণ করে বলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে জানানো হয়। শিশুটি অপহৃত হওয়ার পর পরিবারের লোকেরা স্থানীয় থানায় একটি নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে শিশুটির মৃতদেহ একটি খাত থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার শিশুটি দেহ উদ্ধার করার পর অপহরণের সাথে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদেরকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে দক্ষিণ মুম্বাইয়ের সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে এক আতঙ্ক।


