শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনা দাবিতে বিক্ষোভ প্রদর্শন
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শুক্রবার এ আই ডি এস ও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ, মার্জার ও ক্লোজারের নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করা, শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি, ২০২০ বাতিল করা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনা ইত্যাদি দাবিতে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখানে সমবেত সংগঠনের কর্মীরা উক্ত দাবির সমর্থনে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকে।
সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি পল্লব পেগু, জেলা কমিটির সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ।

বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন জাতীয় শিক্ষানীতি, ২০২০ সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নক্সা। তারা এও বলেন যে কেন্দ্র ও রাজ্য সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষকের শূন্য পদ রয়েছে কিন্তু সরকার তা পূরণ করছে না। জেলার প্রতিটি স্কুলেও রয়েছে অসংখ্য শূন্য পদ।
২০১৬ সালে বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা শিলচরে এলে তাকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা তুলে ধরে শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়েছিল। তিনি সেদিন প্রতিটি শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পালন করেননি। বরং বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাওয়ার অজুহাত দেখিয়ে জনসাধারণের দানে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে তার সরকার। এর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূৰ্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে।
সংগঠনের পক্ষ এও বলা হয় যে সম্প্রতি কাছাড় কলেজের শৈক্ষিক পরিবেশ বিঘ্নিত করতে কতিপয় দুষ্কৃতীকারী অপচেষ্টা চালাচ্ছে তারা শিক্ষকদের উপর আক্রমণ করতেও দ্বিধা বোধ করছে না।
ফলে শিক্ষকরা বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। এ আই ডি এস ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে এবং সর্ববস্থায় ছাত্র – শিক্ষক সম্পর্ককে উন্নিত করে কলেজের স্বাভাবিক শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে জোরালো দাবি জানায়।


