এখনই আন্তর্জাতিক বিমান বন্ধ নয়, বলছেন বিশেষজ্ঞরা
কে আর সি টাইমস ডেস্ক
নতুন করে কোভিড কাঁটায় বিদ্ধ পৃথিবী। জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আমেরিকা এবং চিনে হু হু করে বাড়ছে সংক্রমণ। সংক্রমিত দেশগুলি থেকে ভারতে সংক্রমণ ছড়াতে পারে, এই আশঙ্কায় অনেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের দাবি জানাচ্ছেন। জনমানসে আশঙ্কা তৈরি হয়েছে, ফের লকডাউন জারি হতে পারে। তবে ভারতের এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইমসের প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া যেমন বলছেন, এই মুহূর্তে সার্বিকভাবে ভারতে করোনা বাড়েনি। আমরা এখনও যথেষ্ট স্বস্তিদায়ক জায়গায়।
আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান বন্ধ করা বা লকডাউন কার্যকর করার কোনও দরকার নেই। গুলেরিয়ার মতে, এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে নজর রাখা। সতর্কতা অবলম্বন করা। তাছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করাটা একেবারেই করোনা রুখে দেওয়ার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নয়। আগেও দেখা গিয়েছে, এতে তেমন লাভ হয়নি। আর ওমিক্রনের যে বিএফ.৭ ভ্যারিয়েন্ট এই মুহূর্তে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে, সেটা ইতিমধ্যেই ভারতে খুঁজে পাওয়া গিয়েছে। তাই এখন বিমান পরিষেবা বন্ধ করে বিশেষ লাভ হবে না।

Follow Us


