গাড়ির ধাক্কা স্কুটিতে, ৫০০ মিটার ছেঁচড়ে মৃত্যু যুবকের
কে আর সি টাইমস ডেস্ক
বছরের প্রথম দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি। দুর্ঘটনায় গাড়ির নিচে পা ও পোশাক আটকে যায় স্কুটিচালক তরুণীর। যার পরে ১৩ কিলোমিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। পরে পুলিশ তরুণীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে। এবার একই ধরনের ঘটনায় নয়ডায় মৃত্যু হয়েছে এক সুইগি ডেলিভারি এজেন্ট যুবকের। তাঁর স্কুটারে ধাক্কা মারার পর তাঁকে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে টেনে নিয়ে যায় ‘ঘাতক’ গাড়ি। মৃত্যু হয় যুবকের।
ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত গাড়ি চালকের খোঁজ মেলেনি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুইগি ডেলিভারি এজেন্ট কুশলের। বর্ষবরণের রাতে গ্রাহককে খাবার পৌঁছে দিতে বেরিয়ে ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটে নয়ডার সেক্টর ১৪-তে, উড়ালপুলের কাছে। জানা গিয়েছে, কুশল স্কুটিতে করে যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। এরপর কুশলকে ৫০০ মিটার দূরের মন্দিরের কাছ অবধি ঘষটাতে ঘষটাতে নিয়ে যায় গাড়িটি।


