সবাই যাতে চিকিৎসা পরিষেবার সুযোগ পান, এই লক্ষে কাজ করে যাচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন, বলেন মহারাজ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে শনিবার শালগঙ্গার চাম্পাটিলায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। সকাল সাড়ে নটা থেকে শিবির শুরু হয়। এতে এলাকার রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ শিবাশিস নাথ ও ডাঃ জে এম পাল। এছাড়াও মিশনের হয়ে সহযোগিতা করেন দেবতোষ সেন, অঞ্জনাভ দেব, সুরন্জন দেব সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী গুনাতিতানন্দ মহারাজ। তিনি বলেন, উধারবন্দের শালগঙ্গা চাম্পাটিলা শিববাড়িতে শনিবার থেকে শিবির শুরু হলো। এখন থেকে পনেরো দিন পর পর শনিবার এধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।
সেইসঙ্গে ওষুধ প্রদান করবে রামকৃষ্ণ মিশন। শুধু মাত্র দশ টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করতে হবে চিকিৎসা সেবা পেতে ইচ্ছুকদের। মহারাজ আরও বলেন, ঠাকুর -মা – স্বামীজির আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির একটা মেডিক্যাল সেবা। যতদিন পারবো মাসের দুই শনিবার এখানে এই সেবা চালিয়ে যাবো, বলেন গুনাতিতানন্দ মহারাজ। মধুরাতেও মাসের অন্য দুই শনিবার এধরনের শিবির আয়োজন করা হবে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, জানান মহারাজ। সবাই যাতে চিকিৎসা পরিষেবার সুযোগ পান, এই লক্ষে কাজ করে যাচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন, বলেন মহারাজ। এদিন চাম্পাটিলা শিববাড়ি পরিচালন কমিটি শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।



