কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শিলচর নর্মাল স্কুল ময়দানে বিভিন্ন কার্যসুচির মাধ্যমে রবিবার লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে ১৯ তম গণবিবাহ আয়োজিত করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে মোট ৮ জোড়া নবদম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং তাদের বিবাহের যাবতীয় জিনিস পত্র সহ প্রত্যেক জোড়াকে সার্টিফিকেট ও নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন সংস্থার কর্মকর্তারা l অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রকল্প সঞ্চালক অংশু কুমার ভট্টাচার্য জানান যে,২০০৫ সালে তৎকালীন প্রকল্প সঞ্চালক লায়ন অমরনাথ খাণ্ডেলওয়ালের হাত ধরে গণবিবাহের সিগন্যাচার প্রোজেক্ট শুরু করেছিল লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল।

বিভিন্ন বাঁধা বিঘ্নকে অতিক্রম করে সংস্থা তাদের সেবামূলক এই প্রকল্পটি বিগত ১৮ বছর ধরে চালিয়ে আসছে।১৯ বছরে এখন পর্যন্ত মোট মোট ৩৮৫ জোড়া নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে সংস্থা। এদিন গান-বাজনা, নাচের আসর সহ অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

সংবাদ 2 – মহারাজদের উপস্থিতিতে রবিবার উধারবন্দের নবনির্মিত ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠা হলো। সেইসঙ্গে উদ্বোধন হলো পাঠমন্দিরের কার্যালয় বিবেক ভবনের। পরে মহারাজদের হাত ধরে উন্মোচন হয় স্মরণিকা রামকৃষ্নায়ণ। সকালে উধারবন্দ রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে পূজাপাঠ, চন্ডীপাঠ, মঙ্গলারতি সহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির জীবন বাণী পাঠ ও আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ, স্বামী বৈকুন্ঠানন্দ মহারাজ, স্বামী গুণাতিতানন্দ মহারাজ ও করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজ। উদ্দেশ্য ব্যাখ্যা করেন উধারবন্দের রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিষ্ণুপদ পাল। সভায় সমিতির পক্ষ থেকে দুস্হদের মশারী প্রদান করেন মহারাজরা।

সংবাদ 3 – করিমগঞ্জে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাই। মহিলার গলা থেকে আড়াই ভরি ওজনের সোনার চেইন নিয়ে পালালো এক ছিনতাইবাজ। সদর থানা থেকে ডিল ছুড়া দূরত্বে ঘটেছে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। শহরের থানা রোড এলাকার মা মনসা বিবাহ ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছে স্কুটি নিয়ে আসা হেলমেট পরা এক ছিনতাইকারী। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে সদর থানার পুলিশ।

উল্লেখ্য করিমগঞ্জ শহরে দিন দিন ছিনতাইয়ের ঘটনা অহরহ বেড়েই চলেছে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরিয়ে আসার পর অনেকেই ছিনতাইকারীর কবলে পড়ে খোয়াতে হয়েছে হয়েছে নিজেদের সঞ্চয়ের অর্থ। তবে আজ পর্যন্ত পুলিশ এমন ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করেছে বলে জানা যায় নি।

সংবাদ 4 – মাইজগ্রাম নন্দন বন্দের জমির হুসেনের মৃত্যুর রহস্য উদঘাটনের পাশাপাশি তার মৃত্যুর জন্য দায়ী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হলেন স্থানীয় জনগন । রবিবার নন্দন বন্দ ও চন্দন বন্দের জনগন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ডেকে নিয়ে জমির হুসেনের মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান । পুলিশের ভূমিকার জন্য খানিকটা ক্ষোভও প্রকাশ করেন স্থানীয়রা ।

তবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্থানীয়দের পাশে দাড়িয়ে জমির হুসেনের মৃত্যুর সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সঠিক তদন্তের জন্য অকুস্থ‌লে দাড়িয়ে বিধায়ক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন । মৃত জমির হুসেনের পরিবারে কি ধরনের সরকারি সাহায্য করা যায় এনিয়ে তিনি প্রচেষ্টা চালাচ্ছেন বলেও উল্লেখ করেন বিধায়ক । এদিকে সমগ্র ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি সহ ন্যায় বিচারের দাবি জানিয়েছেন মাইজগ্রাম সুতারকান্দির জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি আছান চৌধুরী।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – বদরপুরে ধরা পড়লো বিশাল আকারের অজগর সাপ, ভিড় জমালেন অসংখ্য লোক। রবিবার সকালে বদরপুরের উমরপুরে জাতীয় সড়কের পাশে উদ্ধার হয় বিশাল আকারের পাইথন। স্হানীয় ভাষায় এটাকে অজগর সাপ বলা হয়। ৩৭ নং জাতীয় সড়কের পাশে প্রথমে দেখতে পান কতিপয় লোক। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। সাপটিকে দেখতে উপছে পড়া ভীড় জমে উমরপুরে।পরবর্তীতে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে সমঝে দেওয়া হয়।

সংবাদ 6 – জালালপুর হাসপাতালে চিকিৎসক নিগ্রহের পরিপ্রেক্ষিতে রবিবার মহাদেবপুর বাসস্ট্যান্ডে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সারদা বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত এই সভায় পৌরহিত্য করেন লেভারপুতার এপি সদস্য কুলবাসী দাস। সভায় প্রত্যেক বক্তাই ডাক্তার নিগ্রহের চরম নিন্দা জানান। তারা বলেন, ঘটনার পিছনে স্থানীয় পঞ্চায়েত সভানেত্রীর স্বামী কনক নাথ সহ আরো দু-একজন জড়িত রয়েছেন বলে জানা গেছে। এদেরও সাক্ষ্য প্রমাণের জন্য পুলিশের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে নাগরিক সভায় মত প্রকাশ করেন সবাই।

সংবাদ 7 – পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার পাঁচগ্রামের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটি পুনঃগঠন করা হয়। জিপি সভাপতি সুরজ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে কার্যকারী সদস্য সুখেন্দু কর স্বাগত বক্তব্য প্রদান করেন। তারপর সম্পাদক সুজন ভট্টাচার্য সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরতে গিয়ে গত তিন বছরের কার্যকালে পরিচালন কমিটি কর্তৃক কি কি কাজ করা হয়েছে এবং নাট মণ্ডপ তৈরি করতে কে কে আর্থিক সাহায্য করেছেন তা সর্বসমক্ষে তুলে ধরেন। সভা শেষে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী জেলার জেলাশাসক সভাপতি পদে বহাল থাকবেন।

এদিকে দ্বিতীয় বারের মত পুনরায় সম্পাদক মনোনীত হলেন সুজন ভট্টাচার্য। সহ-সভাপতি পদে সুখেন্দু পালকে সর্ব সম্মতিতে গ্রহন হয়। তাছাড়াও সাংবাদিক শমীন্দ্র পাল, আইনজীবী শেখর কান্তি ধর, সন্দীপ পাল, রঘুনাথ ভূঁইয়া, দেবজ্যোতি চৌধুরী, নিত্য গোপাল দাস, সুরজ সেন, নিখিল চন্দ্র দে, বিধান চন্দ, অসীম দত্ত, তাপস দাশগুপ্ত , মনোজ পাল, অশোক দাস, বরখা মাল্লাহ সহ আরও কয়েকজনকে নিয়ে সর্বমোট পঁচিশ সদস্য বিশিষ্ট পরিচালন কমিটি গঠন করা হয়। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শিব রাত্রি উপলক্ষে সকলের উপস্থিতি ও সহযোগিতায় কামনা করেন পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *