এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – নাকা তল্লাশি চালাতে গিয়ে লায়লাপুরে মিজোরাম থেকে কাছাড়ের দিকে আসা দুটি ট্রাক গাড়িকে আটক করছে পুলিশ । দুটি গাড়িতে তল্লাশি চালায় ধলাই পুলিশের অন্তর্ভুক্ত লায়লাপুর পেট্রোল পোস্টের পুলিশ দল । আটক করা গাড়ির মধ্যে একটিতে তল্লাশি চালিয়ে ২৯ টি ব্যাগে ৭০ কেজি করে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করার পাশাপাশি অপর একটি গাড়ি থেকে ২০০ কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। এনিয়ে অবৈধ পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে ধলাই পুলিশ । অভিযুক্তরা হলেন সামিন ইয়াসমিন লস্কর ও গুমড়া জালালপুরের সাজারুল ইসলাম সহ কালাইনের বাসিন্দা রমিজ উদ্দিন। তাদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। দুটি গাড়ি থেকে আনুমানিক ২২৩০ কেজি অবৈধ বার্মিজ সুপারী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ ।
সংবাদ 2 – সোমবার থেকে সিল করে দেওয়া হলো অসম-ত্রিপুরার চুরাইবাড়ি সীমান্ত । অসমের পার্শ্ববর্তী রাজ্যে ত্রিপুরা নির্বাচনের জন্য সিল করে দেওয়া হলো অসম-ত্রিপুরার চুরাইবাড়ি সীমান্ত । সোমবার থেকে অসম বা অন্যান্য রাজ্যের মানুষ ত্রিপুরায় প্রবেশ করতে পারবে না। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের অনুরোধে অসম পুলিশ এমন ব্যবস্থা করেছে বলে জানান করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। এ বিষয়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া নিজের মতামত ব্যক্ত করেন।
সংবাদ 3- উত্তর করিমগঞ্জ সমষ্টির ফকিরটিলা কর্ণমধু এলাকার লঙ্গাই নদীর উপরে পাকা সেতু নির্মাণের দাবিতে আবারও সরব হলেন ফকিরটিলার জনগণ। পাকা সেতু নির্মাণের দাবিতে কর্ণমধু ফকিরটিলা সেতু নির্মাণ ডিমান্ড কমিটি সহ স্হানীয় জনগণ বিভিন্ন ভাবে আন্দোলন অনশন ধর্মঘট পালন করেছিল। স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও বৃহত্তর কানিশাইল শরিফনগর জিপি সহ কর্ণমধু জিপির জনগনের পাকা সেতু নির্মাণের দাবিকে কর্ণপাত করেননি কেউই। তাই সোমবার লঙ্গাই নদীর পারে দাড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকার জনগণ।
বৃহত্তর কর্ণমধু- ফকিরটিলা এই দুটি অঞ্চলের সংযোগকারী লঙ্গাই নদীর উপরে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। অনেক নেতা এই দুটি অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার করে নেন। কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান। তাই এই দুই অঞ্চলের বহুল সংখ্যক মানুষ দফায় দফায় আন্দোলন করেছিলেন। অন্যদিকে লঙ্গাই নদীর উপরে ঝুঁকি নিয়ে বাসের সাকোঁ দিয়ে পার হচ্ছেন এলাকার মানুষ। সংবাদ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকৰ্ষণ করে পাকা সেতু নির্মাণের জোরালো দাবি জানান তারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – সৈদপুর জনতা হাইস্কুলের পরিস্থিতি খারাপ করার মূলে এলাকারই একটি স্বার্থান্বেষী মহল। ওই মহলটি নিজেদের আখের গোছাতে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে বাইরে থেকে ঝগড়া লাগিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে স্কুলটিতে অচলাবস্থা সৃষ্টি করে রেখেছে।এ মর্মে আজ স্কুলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন জেলাপরিষদ সদস্য ত্রয়োবাসী দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী ও সভাপতি রাহুল দেবের মধ্যে চলা ঠান্ডা বিবাদ শেষ করে স্কুলের সর্বাঙ্গীন উন্নয়ন করার ব্যাপারে মত প্রকাশ করেন সবাই।
সংবাদ 5 – কাছাড় জেলার তারিনিপুর জিপির অন্তর্গত নিজ ফুলবাড়ি প্রথম খণ্ড স্থিত গোল্ডেন ডেফোডিলস স্কুলের বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হয়। এউপলক্ষে সোমবার দুপুরে স্কুল ক্যাম্পাসে এক জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী, তাছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী কমর উদ্দিন চৌধুরী।
প্রতিযোগিতার আমলে পিছিয়ে পড়া এলাকায় এধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখাচ্ছে তাই গোল্ডেন ডেফোডিলস স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে আলোচনা করে সহায়তার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুসেন আহমদ চৌধুরী। আগামীতে এলাকার একটি মডেল স্কুল হিসেবে উঠে আসবে এই স্কুল, এমন আশা ব্যক্ত করেন তিনি।
সংবাদ 6 – সোনাই উন্নয়ন খন্ডের অধীন রাঙ্গিরঘাট জিপিতে দুর্নীতির অভিযোগ করেছিলেন একাংশ লোক। কাজ না করে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছিল জিপি সভাপতি শম্ভু রবিদাস ও সচিবের বিরূদ্ধে। কিন্তু আবার একাংশ জনগণ জিপি সভাপতি ও সচিবের হয়ে দুর্নীতির অভিযোগের সাফাই দিলেন। জিপির সাত নম্বর গ্রুপের একাংশ লোক সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
দক্ষিণ মোহনপুর কোনারগ্রাম এলপি স্কুলের পরিচালন কমিটির সভাপতি সামসুল জামাল লস্কর, হুসেন আহমেদ লস্কর, বাবুল হুসেন লস্কর, ইমরান হোসেন লস্কর, আকলু মিয়া লস্কর, সবিতা বেগম লস্কর, মনিয়া রবিদাস, রমেশ রবিদাস, ফুঞ্চি রবিদাস প্রমুখরা বলেন, মসজিদ ও এলপি স্কুল পাশাপাশি হওয়ায় গ্রামের লোকদের আবেদনে দুটি জায়গা কভারেজের জন্য জিপি সভাপতি পঞ্চদশ অর্থ কমিশন থেকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন। এছাড়া কোনারগ্রাম এলপি স্কুলের পুরানো শৌচাগার মেরামত করা হয়েছে। বরাদ্দকৃত পঞ্চাশ হাজার টাকা দিয়ে নতুন শৌচাগার নির্মাণ কারো পক্ষে সম্ভব নয়। জিপির উন্নয়নকে স্তব্ধ করতে অনৈতিক মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছেন বলে জানান তাঁরা।
সংবাদ 7 – বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশন ও সুকুমার সিং মেমোরিয়াল পঞ্চম নাইন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল সাময়িক প্রসঙ্গ। ফাইনালে তারা হারিয়েছে বরাক বার্তাকে । শিলচর ইটখলা খেলার মাঠে সোমবার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে বরাক বার্তা দল ১৭৮ রান করে। দলের অপেনিং ব্যাটসম্যান পিনাক দেব ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে সাময়িক প্রসঙ্গ ২ উইকেট হারিয়ে ৯ ওভার ২ বলে ১৮২ রান করে চ্যাম্পিয়ান হয় । এর মধ্যে সাময়িক প্রসঙ্গের ক্যাপ্টেন সত্য শুক্লবৈদ্য ১৮ বলে ৮২ রান করেন।


