এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – পিসির বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বরাক নদীর জলে ডুবে নিখোঁজ এক কিশোর।মর্মান্তিক এমন ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়ার শিয়ালটেক গ্রামে শুক্রবার দুপুরে। নিখোঁজ কিশোরের নাম বিপ্রজিৎ দেব ওরফে পাপাই।শিলচর রংপুরের বাসিন্দা পাপাই কাছাড় কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।জানা গেছে, এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাপাই শিয়ালটেক গ্রামের পিসির বাড়িতে গিয়ে ছিল বৃহস্পতিবার।
শুক্রবার দুপুরে অন্যদের সঙ্গে বরাক নদীতে স্নান করতে গেলে ঘটে যায় বিপত্তি। স্নান করতে করতে অসাবধানতা বশত এক সময় গভীর জলে চলে যায় পাপাই। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে শুরু করে। তার সঙ্গে স্নান করতে থাকা অন্যরা বিষয়টি প্রত্যক্ষ করে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করলে এক সময় উদ্ধারকারীরাও তলিয়ে যেতে শুরু করেন।বিষয়টা প্রত্যক্ষ করে এক বৃদ্ধ দৌড়ে এসে দু’জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বিপ্রজিতের কোন সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ 2– শুক্রবার শিলচর বাইপাসে এক যুবকের গলা কাটা মৃত দেহ উদ্ধার হয় l যুবকটি ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা মিঠু দাস বলে জানা গেছে lএলাকার মানুষ মৃত দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয় l কিছুক্ষন পর কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা ও উপ অধীক্ষক সুব্রত সেন দল বল নিয়ে ঘটনা স্থলে পৌঁছে সমস্ত এলাকার খোঁজ খবর নেন l
এদিকে মৃতের বোনের জামাই অধীর দাসের সঙ্গে কথা বললে তিনি বলেন মিঠুর মাতা পিত কেউ নেই। সে অনেক দিন যাবৎ বোনের শ্বশুর বাড়িতে থাকতো এবং বোনের জামাইয়ের সঙ্গে জলের পাইপলাইনের কাজ করতো l এবার হোলিতে সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে হোলি খেলে বিকেল বেলা স্নান সেরে একটু ঘুরে আসি বলে বেরিয়েছিল মিঠু l হোলির দিন বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ঝগড়া ও হয়েছিল বলে জানান বোনের জামাই অধীর দাস l তারপর হোলির দিন বিকেল থেকে তার আর কোন খোজ নেই l
সংবাদ 3 – প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শুক্রবার সারা রাজ্যের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্ৰ প্রদান করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন। সংগঠনের কর্মকর্তারা শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ জেলাশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় বিদ্যুৎ একটি অপরিহাৰ্য ও অত্যাবশ্যকীয় পরিষেবা। বিদ্যুৎ ছাড়া আধুনিক সভ্যতা এক মূহুৰ্তও চলে না। অথচ সরকার অপরিহাৰ্য এই পরিষেবাকে ক্ৰমান্বয়ে লাভজনক পণ্যে রূপান্তরিত করছে।
প্ৰিপেইড মিটারের অর্থই হচ্ছে গ্ৰাহকদের বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা জমা দিতে হবে। অৰ্থাৎ মিটার রিচাৰ্জ করলে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। লক্ষ লক্ষ গ্ৰাহক থেকে অগ্ৰিম টাকা সংগ্রহ করে কোম্পানির মতো সরকার ব্যবসা করবে যা সম্পূৰ্ণ অনৈতিক। এই ব্যবস্থা দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষকে বিপদে ফেলবে। কারণ সময়মতো রিচাৰ্জের টাকা বহু দরিদ্র, নিম্নবিত্ত মানুষ দিতে পারবে না।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় শুক্রবার কাছাড়ের হয়ে ৩টি পদক জয় করল কুটন গড়, উষা গড় ও দেবীকা লালা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত হয় মহিলাদের জন্য অ্যাথলেটিক প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় কাছাড় জেলার প্রতিনিধিত্ব করে ৩ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করেন কুটন গড়। এছাড়াও লংজাম্পে রৌপ্য পদক অর্জন করেন ঊষা গড় এবং ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেন দেবীকা লালা। ওই তিন খেলোয়াড় কাটিগড়ার গুমড়া বাগানের বাসিন্দা।
সংবাদ 5 – প্রতারণা করতে গিয়ে সোনাইয়ে ধরা পড়ল এক যুবক। পুলিশের লোক বলে মানুষকে ধমকি দিয়ে অর্থ আদায় করে নিয়েছিল ওই যুবক। স্থানীয় লোকদের সন্দেহের ভিত্তিতে যুবককে আটক করে ভিডিপির সহযোগে পরে সোনাই পুলিশকে সমঝে দেওয়া হয়। এই ঘটনায় কনকপুর দ্বিতীয় খণ্ডের দেবাশিস দাস নামের যুবককে আটক করা হয়।ঘটনার বিবরণ দিতে গিয়ে সোনাই ডুংরিপার প্রথম খণ্ডের উজানগ্রামের ভিডিপি সম্পাদক রফিক উদ্দিন লস্কর, প্রতারণার কবলে পড়া সইফ উদ্দিন লস্কর, ইমরান হোসেন লস্কর, সাইদুল হক লস্কর, তেরাব আলী লস্কর, ফুলেতুন নেসা লস্কর, আক্তার হোসেন লস্কররা জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দেবাশিস দাস নামের যুবক আরও দুই যুবককে নিয়ে আচমকা তাদের গ্রামের একটি ঘরে প্রবেশ করে।
সে প্রশাসনের লোক বলে দাবি করে তল্লাশি শুরু করে। এরপর ঘরে থাকা স্থানীয় সুপারিকে বার্মিজ সুপারি বলে গৃহকর্তাদের হুমকি দেয়। পরে এটা থেকে রেহাই পেতে গৃহকর্তাদের কাছে অর্থ দাবি করে। এতে স্থানীয় কিছু লোক জড়ো হয়ে গোপনে বিডিপিকে খবর দেন। বিডিপি সোনাই পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবককে আটক করে। তবে বাকি দুই যুবক পালিয়ে যায়। পুলিশকে ওই যুবক সে সাংবাদিক বলে প্রথমে জানায়। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় ওই যুবক ভুয়ো সাংবাদিকের পরিচয় দিচ্ছে।
সংবাদ 6 – রেশন কার্ড থেকে নাম কর্তন, সিদ্ধিপুরে সড়কের উপর ডিলার ও গ্রাহকের পরিবারের তুমুল বিবাদ। বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি কামনা ভুক্তভোগী পরিবারের। সিদ্ধিপুরের নায্যমূল্যের ডিলার নন্দা রানি দাসের গ্রাহক বাবলি দাস অভিযোগ করে বলেন, গত ৯ মাস থেকে পরিবারের শুধুমাত্র একজন বাবদ পাঁচ কেজি করে চাল পাচ্ছেন। অথচ তার পরিবারের সদস্য সংখ্যা চারজন। নিত্য রোজগার করে পরিবার চালানো তার স্বামীর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে রেশন কার্ড থেকে নাম কর্তন করায় বিপাকে পড়েছেন তারা। শীঘ্রই নাম গুলো সংযোজন করার জন্য সংবাদ মাধ্যমের সহযোগিতায় বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি কামনা ভুক্তভোগী বাবলি দাস ও তার স্বামী নিধু দাস।


