এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাঙ্গিরখাল জবরদখল মুক্ত করে জল নিষ্কাশনে আগের গভীরতা পর্যন্ত ও পরিধি বজায় রেখে গার্ড ওয়াল তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের নিকট স্মারকপত্র প্রদান করে মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের সদস্যরা। সংগঠনের দুই বর্ষীয়ান সদস্য হরিদাস দত্ত ও আশু পাল রাঙ্গিরখালের গার্ড ওয়াল তৈরির কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। সেই তথ্যের ভিত্তিতে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে ‘মার্চ ফর সায়েন্স’, শিলচর চাপ্টারের অন্যতম সদস্য নির্মল কুমার দাস, কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ বলেন, শিলচর শহরকে কৃত্রিম ও প্রাকৃতিক বন্যার ভয়াবহতা থেকে মুক্ত রাখতে সরকারের পক্ষ থেকে নেওয়া বাঁধ, স্লুইস গেট ইত্যাদি তৈরির কাজে উপযুক্ত মান বজায় রেখে সময়মতো সম্পন্ন করার দাবিতে সময়ে সময়ে সংশ্লিষ্ট বিভাগের কাছে প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরা হয়েছে।
সংবাদ 2 – কাছাড় ক্যান্সার হাসপাতালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষে কয়েকটি সিলিং ফ্যান ও একটি গোডরেজ আলমারি সহ রোগীদের কিছু খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালে পক্ষ থেকে ডাঃ ইকবাল বাহার ,ডাঃ কে.পি চক্রবর্তী ও হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য তথা সমাজসেবী কল্যাণ চক্রবর্তী এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জি.এম. বিক্রমজিৎ সোম ও সার্কেল ম্যানেজার সুদীপ দাস সহ আরো অন্যান্যরা। ডাঃ ইকবাল বাহার ও কল্যান চক্রবর্তী উভয়েই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্তৃপক্ষকে এই প্রচেষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যৌথভাবে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান।
সংবাদ 3 – রাতাবাড়ি সমষ্টির খাগুরা পুঞ্জিতে জলের হাহাকার, সিংলা নদীর নোংরা জেলেই ভরসা উপজাতি সম্প্রদায়ের। সরকার জল জীবন মিশনের নামে কারি কারি টাকা বরাদ্দ করলেও, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রাতাবাড়ি সমষ্টির চেরাগি জিপির খাগুরা পুঞ্জীর প্রায় অর্ধশতাধিক পরিবার, প্রায় ৩০০ বছর থেকে বসবাস করা এই উপজাতি সম্প্রদায়ের লোকরা আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকে বহন করে আনা সিংলা নদীর সেই কর্দমাক্ত জলই তাদের জীবনধারণের একমাত্র ভরসা। শাসকদল থেকে শুরু করে বিরোধী দল পর্যন্ত কারোর কোন দৃষ্টি পড়েনি খাগুরা পুঞ্জীর জনগণের উপর।
বর্তমান সরকারের জলজীবন মিশনের মাধ্যমে হর ঘর নল হর ঘর জল প্রকল্প হাতে নেওয়ায় সিঁদুরে মেঘ দেখতে পেয়েছিল চেরী জিপির খাগুড়া পুঞ্জীর ভুক্তভোগী জনগণ, কিন্তু এই আশাও আর বাস্তবে রূপায়িত হলো না। তাদের উন্নয়ন সেই তিমিরেই রয়ে গেল, এমত অবস্থায় কোন উপায় খুঁজে না পেয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের দুঃখের সাতকাহন তুলে ধরেন গ্রামবাসীরা । তারা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা ও বিভাগীয় মন্ত্ৰীর দৃষ্টি আকর্ষণ করেন, পাশাপাশি করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারেরও দৃষ্টি আকৰ্ষণ করেছেন তারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষা শহিদ দিবস পালিত পাথারকান্দিতে।বৃহস্পতিবার সকাল ৯ টায় পাথারকান্দির বিলবাড়ি, তিনখাল, মুন্ডমালা ও শিবেরগুল বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষা শহিদ কুমারী সুদেষ্ণা সিনহার শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। তারপর লিংখাত কমিটির ব্যবস্থাপনায় সুদেষ্ণা সিনহার জন্মভূমি কচুবাড়িতে নবরূপে সজ্জিত শহিদ সুদেষ্ণা স্মৃতি সৌধ উদ্ঘাটন করা হয়। ফিতা কেটে সমাধি বেদির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাধি বেদির ভূমিদাতা শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ, ডঃ স্মৃতিকুমার সিংহ, অনিল কৃষ্ণ রাজকুমার, প্রমোধিনি সিনহা। পরে কচুবাড়িতে ২৭ তম শহিদ দিবস উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ 5 – দক্ষিণ হাইলাকান্দির সুলতানিছড়ার চাপরাশি বাগানে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়। দাউ দাউ করে জ্বলে উঠেছে চা বাগানের জঙ্গল । ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী । বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ভয়ংকর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের ইঞ্জিন। আগুন লাগার সঠিক কোন কারণ বা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।
সংবাদ 6- চলে গেলেন বিশিষ্ট আইনজীবী লেখক সাহিত্যিক মোজামিল আলি লস্কর। তিনি শৈশব কাল থেকে পড়াশোনায় খুব মেধাবী ছিলেন । তিনি ২৪টি বই লিখেছেন । তিনি বাংলাদেশ সাহিত্যিক পুরস্কারও পেয়েছেন । তিনি এক সময় অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন । জেলা বার লাইব্রেরী এসোসিয়েশনের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সুনামের সাথে তিনি কর্মজীবন কাটিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেছেন স্ত্রী দুই পুত্র তিন কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ।


