২৭ মে ২০২৩ তারিখে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম ভারত গৌরব ট্রেন চালু করবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

2 - মিনিট |

এই স্পেশাল টুর জনপ্রিয় ধর্মীয় পর্যটন স্থল দেখার সুযোগ দিবে

কে আর সি টাইমস ডেস্ক

মালিগাঁও : জনপ্রিয় ধর্মীয় পর্যটন স্থলগুলি ঘুরে দেখানোর জন্য ২৭ মে, ২০২৩ তারিখে ডিব্রুগড় থেকে প্রথম ভারত গৌরব টুরিস্ট ট্রেন চালু করবে আইআরসিটিসি ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে শ্রী মাতা বৈষ্ণদেবী, অযোধ্যা, প্রয়াগরাজ ও বারাণসী। যাত্রীরা ডিব্রুগড়, সিমলুগুড়ি, মরিয়নি, ডিমাপুর, লামডিং, গুয়াহাটি, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউণী জং., হাজিপুর ও সোনপুর স্টেশন থেকে উঠতে ও নামতে পারবেন। এই ট্রেনটিতে ০৮টি এলএইচবি স্লিপার কোচ, ০৩টি এসি ৩-টিয়ার কোচ ও একটি প্যান্ট্রি কার থাকবে।

১০ রাত ও ১১ দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি প্রথম বিরতি দিবে কাতরায়, এখান থেকে পর্যটকরা মাতা বৈষ্ণদেবী মন্দির পরিদর্শন করতে যাবেন। এরপর ট্রেনটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিবে, এখানে পর্যটকরা রাম জন্ম ভূমি, হনুমানগড়ি দেখে সরায়ু নদীতে আরতি করবেন। পরবর্তী গন্তব্যস্থল প্রয়াগরাজ, যেখানে পর্যটকরা পবিত্র স্থান ত্রিবেণী সঙ্গম ও আলোপি দেবী মন্দির পরিদর্শন করবেন। পর্যটন ট্রেনটির পরবর্তী গন্তব্যস্থল হলো বারাণসী, যেখানে পর্যটকরা গঙ্গা আরতি ও কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি অন্যান্য তীর্থ স্থানগুলি পরিদর্শন করবেন।

পর্যটকদের ট্রেনে থাকাকালীন সময়ে খাদ্য ও পানীয় জল প্রদান করা হবে। খাদ্যের মধ্যে থাকবে ভোরবেলার চা, ব্রেকফাস্ট, দুপুরের আহার, সন্ধ্যার চা এবং রাতের আহার। ট্রেনে থাকা হাউসকিপিং কর্মীদের দ্বারা কামরার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৌচালয়ের স্বচ্ছতার যত্ন রাখা হবে। যাত্রীদের সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অকর্তৃত্বশীলভাবে এই স্পেশাল টুরিস্ট ট্রেনে যাতে কোনও যাত্রী উঠতে না পারে তার জন্য প্রত্যেকটি কামরায় অস্ত্রহীন সুরক্ষাকর্মী নিয়োজিত করা হবে। এছাড়াও যাত্রীদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে প্রত্যেকটি কামরায় একনিষ্ঠ এসকর্ট থাকবে।

ট্রেন থেকে স্থানান্তর ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য পর্যটকদের ডেডিকেটেড কোচ/বাস প্রদান করা হবে। সম্পূর্ণ ভ্রমণে ডেডিকেটেড টুর এসকর্ট দ্বারা পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। শয়ন শ্রেণির যাত্রীদের জন্য রাত্রিবাসের স্থানে নন-এসি ফ্যামিলি হোটেল রুম প্রদান করা হবে এবং এসি যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে এসি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে।

শয়ন শ্রেণি ও এসি ৩-টিয়ারে সমগ্র ভ্রমণটির খরচ হবে যথাক্রমে আনুমানিক ২০,৮৫০ টাকা ও ৩১,১৩৫ টাকা জিএসটি সহ। স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত ব্যবস্থা করা হবে এবং অতিথিদের একটি নিরাপদ ও স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য আইআরসিটিসি প্রচেষ্টা চালাবে।

অভ্যন্তরীণ পর্যটন প্রচারের জন্য ভারত সরকারের “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এবং ‘‘দেখো আপনা দেশ” উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে ভারত গৌরব ট্রেন চালু করা হয়েছে। ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের উদ্দেশ্যে ভারতীয় রেলওয়ে আনুমানিক ৩৩ শতাংশ রেহাই দিচ্ছে। এই প্যাকেজকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যক্ষভাবে বুকিং করা যাবে এবং Paytm, Razorpay (ডেবিট কার্ডের মাধ্যমে ৩-১৮ মাস এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩-২৪ মাসের ক্রেডিটের সুবিধা) এবং বাজাজ ফাইনান্স (শুধুমাত্র ৩ মাস ও ৫ মাসের ক্রেডিটের সুবিধা)-এর মাধ্যমে ইএমআই সুবিধাও গ্রহণ করা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *