১০ রাত ও ১১ দিনের এই পর্যটন যাত্রা “ভারত গৌরব টুরিষ্ট ট্রেইনের” মাধ্যমে শুরু করা হবে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : ভারতীয় রেলওয়ের পর্যটন বিভাগ গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের তরফে বৃহস্পতিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২৭শে মে প্রথমবারের মতো ধর্মীয় পর্যটন যাত্রা শুরু করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।১০ রাত ও ১১ দিনের এই পর্যটন যাত্রা “ভারত গৌরব টুরিষ্ট ট্রেইনের” মাধ্যমে শুরু করা হবে। “এক ভারত শ্রেষ্ঠ ভারতের” অধীনে অত্যন্ত জনপ্রিয় এই ধর্মীয় পর্যটন যাত্রা ২৭শে মে ডিব্রুগড় স্টৈশন থেকে শুরু হয়ে প্রথমে অযোধ্যা ও তারপর শ্রীমাতা বৈষ্ণবদেবী কাটিহার হয়ে ফেরার পথে প্রয়াগরাজ ও বারানসি হয়ে আগামী ৬ই জুন পুণরায় ডিব্রুগড় স্টেশনে আসবে।
১০ রাত ও ১১দিনের এই ধর্মীয় পর্যটন যাত্রায় যাত্রীদের সুবিধার্থে এসি ক্লাস ও স্লিপার ক্লাসের সুবিধা রাখা হয়েছে।এসি ক্লাসের ভাড়া ৩১,১৩৫ টাকা ও স্লিপার ক্লাসের ভাড়া ২০,৮৫০ টাকা ধার্য করা হয়েছে বলে জানান পর্যটন বিভাগ গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্ব রঞ্জন সাহা।যাত্রা চলাকালীন রেল যাত্রীদের সুবিধার্থে পানীয় জল সহ সকাল, দুপুর, বিকেল ও রাত্রিতে খাবার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও যাত্রীদের সকল সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও উপলব্ধ থাকবে বলে জানান তিনি।১০ রাত ও ১১ দিনের এই ধর্মীয় পর্যটন যাত্রাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্ব রঞ্জন সাহা।


