পুলিশি টহল জোরদার করার দাবি জানাচ্ছে শিলচর প্রেস ক্লাব
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শহর শিলচর তথা এ অঞ্চলে সংবাদপত্র প্রতিষ্ঠান ও বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালো শিলচর প্রেস ক্লাব। শনিবার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে জানিয়েছেন, ভোর রাতে মেহেরপুর বটেরতল এলাকায় প্রেরণা ভারতী এবং বার্তালিপি পত্রিকার মুদ্রণ বিভাগের দুই কর্মী জওহর রায় টিকন , মিঠুন দাসকে দুর্বৃত্তরা আক্রমণ করে যে ভাবে তাঁদের কাছ থেকে মোবাইল , টাকা সহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় , সেটা অত্যন্ত উদ্বেগ এবং গভীর আশঙ্কার বিষয় ।
সেই সময় পেছনে থাকা অন্য সংবাদকর্মীরা এক দুর্বৃত্তকে ধরতে সক্ষম হওয়ায় পরে পুলিশ ক’জনকে আটক করে ।সাংবাদিক এবং অন্য কর্মীদের রাতবিরেতে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। এই পরিস্থিতিতে সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । পাশাপাশি দেখা যাচ্ছে , সাম্প্রতিককালে শিলচর সহ জেলার বিভিন্ন স্থানে চুরি , ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে ।
ছিনতাইবাজরা বাড়িতে বাড়িতে ঢুকে মোবাইল ও নানা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাচ্ছে । অরাজকতা তৈরি হয়েছে বহু ক্ষেত্রেই।এই পরিস্থিতিতে সর্বত্র পুলিশি টহল জোরদার করার দাবি জানাচ্ছে শিলচর প্রেস ক্লাব।চোর, ডাকাত, ছিনতাইবাজ , দুর্বৃত্তদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সাংবাদিক সহ নাগরিক-জীবনে যথাযথ নিরাপত্তা এবং আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে , শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই জোরালো দাবি উত্থাপন করা হয়েছে ।


