আজ সকালে শিলচর বিমানবন্দরে ফ্লেগ অফ করে “ফ্লাইবিগ ” বিমান যাত্রার সূচনা করেন সাংসদ ডাঃ রাজদীপ রায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিবাজি ধর
শিলচর : উড়ান প্রকল্পের অধীনে শিলচর – গুয়াহাটি নতুন বিমান পরিষেবা চালু হলো। আজ সকালে শিলচর বিমানবন্দরে ফ্লেগ অফ করে “ফ্লাইবিগ ” বিমান যাত্রার সূচনা করেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। এর আগে গুয়াহাটিতে শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী ড৹ হিমন্ত বিশ্ব শর্মা। কুম্ভীরগ্রাম বিমানবন্দর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করেন সাংসদ রাজদীপ, গুয়াহাটি থেকে আগত ফ্লাইবিগের ভাইস প্রেসিডেন্ট ও সি এস ও রাজীব শর্মা, সিকিউরিটি ইনচার্জ অনির্বাণ বিশ্বাস, এয়ারপোর্ট অথোরিটির ডিরেক্টর পি কে গোড়াই সহ অন্যান্য আতিথিরা।
শিলচর থেকে প্রথম যাত্রী ছিলেন জয়ন্ত শর্মা। আজ প্রথম দিন গুয়াহাটি থেকে আসেন ৬১জন যাত্রী। শিলচর থেকেও উড়ে যান ৬১জন যাত্রী। সাংসদ ডাঃ রাজদীপ রায় সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ৭২ আসনের এই শিলচর – গুয়াহাটি বিমান পরিষেবা সপ্তাহে সাতদিন চালু থাকবে। এখন দিনে একবার আসা যাওয়া করবে। আগামীতে যাত্রী সংখ্যা বাড়লে বিকেলেও আরও একবার বিমানটি শিলচর – গুয়াহাটি চলাচল করবে। তিনি এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড৹ হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন।


