প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি শ্যামা প্ৰসাদ পরিষদের
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন কল্পে কলেজ টিতে ৪০ টি পোস্ট গ্রাজুয়েট আসন বাড়াতে কেন্দ্রের প্রস্তাবে সাড়া না দিয়ে রাজ্য সরকার কোন প্রকল্প প্রতিবেদন পেশ না করায় সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
বরাক উপত্যকার স্বাস্থ্য সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠান টির উন্নয়নের জন্য পরিষদ সভাপতি হারাণ দে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি পত্র পেশ করেছিলেন। এর পর ২০২০ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আসাম সরকারকে মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েটের আসন সংখ্যা আরও ৪০ টি বাড়ানোর জন্য প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করতে বলে। কেন্দ্র ৯০:১০ অনুপাতে অর্থ বরাদ্দ করারও আশ্বাস দেয়।
কিন্তু পরিষদ গত তিন বছর ধরে রাজ্য সরকারকে বার বার অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার এবিষয়ে নিরব ভূমিকা পালন করে রয়েছে। তাই হারাণ বাবু বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি ইমেইল পাঠিয়ে এই বিষয়ে তাঁর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন এবং অন্তত আগামী সাধারণ নির্বাচনের আগে মেডিকেলের এই প্রকল্প রূপায়ণ করার অনুরোধ জানিয়েছেন। পরিষদের গত ছয় বছরের চেষ্টায় কাছাড় জেলার দুই বছর আগে একটি সৈনিক স্কুল মঞ্জুরি পেলেও এপর্যন্ত এর নির্মাণ কাজ শুরু না হওয়াতে হারাণ বাবু শুক্রবার সাংবাদিকদের কাছে কথা বলার সময় উষ্মা প্রকাশ করেন।


