হাইলাকান্দিতে নাবার্ড-এর নতুন জেলা কার্যালয়, কৃষি ও গ্রামীণ উন্নয়নে আসবে নতুন গতি 

2 - মিনিট |

এই নতুন কার্যালয় হাইলাকান্দির গ্রামীণ জনগণের মধ্যে বিভিন্ন বেংক,  সরকারি বিভাগ ও এনজিও নিয়ে বিভিন্ন প্রকল্প সহায়তা আরও সহজলভ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিল জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড)। আজ এই জেলায় নবনির্মিত জেলা উন্নয়ন ব্যবস্থাপক (ডিডিএম) কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ড-এর দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক শ্রী এ. কে. সুদ এবং শ্রী জি. এস. রাওয়াত।

এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, হাইলাকান্দির প্রধান ব্যাঙ্ক আধিকারিক, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও সমাজসেবী নেতৃত্ববৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের পর এক মতবিনিময় সভায় নবনিযুক্ত ডিডিএম অয়ুষ্মান ইয়াশ জেলার জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

নাবার্ড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শ্রী এ. কে. সুদ বলেন, “জেলা স্তরে নাবার্ড-এর প্রকল্পগুলিকে আরও দৃশ্যমান করতে হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ করে গ্রামীণ উন্নয়নে গতি আনতে হবে।”অন্যদিকে, শ্রী জি. এস. রাওয়াত বলেন, “জীবিকা ভিত্তিক প্রকল্প, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ঋণ সমবায় সমিতিগুলির ডিজিটাল রূপান্তর এবং বহুমুখী সমবায় গঠনের মাধ্যমে কৃষিপ্রধান অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাবার্ড কাছাড় জেলার আধিকারিক শ্রী রবিশংকর লিকমাবম ও হাইলাকান্দির নবনিযুক্ত জেলা ব্যবস্থাপক অয়ুষ্মান ইয়াশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএসএসও-র শ্রী শামিম চৌধুরী, ওয়াইএসএ সংস্থার এন.জি. নীলকুমার সিং ও অনীশা ফাউন্ডেশনের একবর হোসেন লস্কর।

পিএনবি আরসেটি সিনিয়র ফ্যাকাল্টি শাহেদ চৌধুরী এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, “হাইলাকান্দিতে নাবার্ড-এর নতুন জেলা কার্যালয় কৃষি ও গ্রামীণ উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে।এই নতুন কার্যালয় হাইলাকান্দির গ্রামীণ জনগণের মধ্যে বিভিন্ন বেংক,  সরকারি বিভাগ ও এনজিও নিয়ে বিভিন্ন প্রকল্প সহায়তা আরও সহজলভ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *