চেরি ব্লসম উৎসবের রূপকার দিনবন্ধু সাহুর মুকুটে নতুন পালক

2 - মিনিট |

টাইমস ফাউন্ডেশন-এর ‘ডিস্টিংগুইশড লিডারশিপ অনার’

বিশ্বদীপ গুপ্ত

ইম্ফল। ভারতে ‘চেরি ব্লসম’ উৎসবের প্রবর্তক হিসেবে সুপরিচিত অধ্যাপক দিনবন্ধু সাহুকে ‘ডিস্টিংগুইশড লিডারশিপ অনার’-এ ভূষিত করল ‘টাইমস ফাউন্ডেশন’। ভারতের অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ সামাজিক পরিবর্তনে তাঁর অসামান্য প্রভাব, সততা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।

গত শনিবার নয়া দিল্লির ভারত মণ্ডপমে ‘টাইমস ফাউন্ডেশন’ আয়োজিত ‘টাইমস অব ইন্ডিয়া ন্যাশনাল সিএসআর সামিট ২০২৬’-এর মঞ্চে অধ্যাপক সাহুর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জনসেবা, শিল্প জগৎ, সমাজসেবা, শিক্ষা এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি স্বাধীন অনুসন্ধান কমিটির মাধ্যমে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পর তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। এছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পপতি, নীতি-নির্ধারক এবং দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাগরিকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

অধ্যাপক দিনবন্ধু সাহু বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিওরশিপ কাউন্সিল’-এর চেয়ারপার্সন এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই উদ্ভিদ বিজ্ঞানী ২০১৬ সালে যখন ভারত সরকারের ‘ইনস্টিটিউট অব বায়োরিসোর্সেস অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট’-এর অধিকর্তা ছিলেন, তখনই তাঁর হাত ধরে মেঘালয়ের শিলং এবং মণিপুরে ভারতের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসবের সূচনা হয়। তাঁর সেই দূরদর্শী উদ্যোগ আজ পর্যটন মানচিত্রে উত্তর-পূর্ব ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

অধ্যাপক সাহুর বিজ্ঞান গবেষণার ঝুলিতে রয়েছে আরও বহু বিরল কৃতিত্ব। ১৯৮৭-৮৮ সালে ভারত সরকারের বৈজ্ঞানিক অভিযানে অ্যান্টার্কটিকা সফরকারী প্রথম ভারতীয় ছাত্র প্রতিনিধি ছিলেন তিনি। বিজ্ঞানক্ষেত্রে তাঁর অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’টি নবআবিষ্কৃত উদ্ভিদ প্রজাতির নামকরণও তাঁর নামে করা হয়েছে। এর মধ্যে একটি হলো চেরি ব্লসম প্রজাতি ‘প্রুনাস দিনবন্ধুরানা’ এবং অন্যটি হলো আদা জাতীয় উদ্ভিদ ‘কাউলোক্যাম্ফেরিয়া দিনবন্ধুরেনসিস’।

সামাজিক বিবর্তন এবং পরিবেশবান্ধব উদ্ভাবনী কর্মকাণ্ডে অধ্যাপক সাহুর এই সম্মানলাভ বিশেষজ্ঞ মহলে বিশেষ প্রশংসিত হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *