বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে এ ব্যাপারে স্মারকপত্র পাঠিয়েছে জেলা কংগ্রেস
কে আর সি টাইমস ডেস্ক
অসমের দুই পার্বত্য জেলা ডিমা হাসাও এবং কারবি আংলংকে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বাইরে রাখার দাবি তুলেছে ডিমা হাসাও জেলা কংগ্রেস। দীর্ঘদিন থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসছে ডিমা হাসাও জেলা কংগ্রেস। তাই এবার এই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে এ ব্যাপারে স্মারকপত্র পাঠিয়েছে জেলা কংগ্রেস।
ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা বলেন, ‘বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা সব সময় করে আসছে কংগ্রেস দল। তবে এই বিল পাস হলেও ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত ডিমা হাসাও এবং কারবি আংলং জেলাকে নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখতে হবে।’ সোমবার এ ব্যাপারে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য ডেনিয়েল লাংথাসার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর মাধ্যমে এক স্মারকপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উদ্দেশ্যে প্রদান করে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বাইরে ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত ডিমা হাসাও এবং কারবি আংলং জেলাকে সর্বোতভাবে বাইরে রাখার দাবি জানানো হয়েছে।


