শোক সভায় প্রয়াতের আত্মার সদগতি কামনা করে দু মিনিট মৌনতা অবলম্বন করা হয়
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : আসাম বিশ্ব বিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক সঞ্জীব পুনীয়ার অকাল মৃত্যুতে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে এক শোক সভার আয়োজন করা হয়।এতে উপাচার্য রাজীব পন্থ ও পঞ্জীয়ক প্রদোষ কিরন নাথ সহ বিভিন্ন বক্তা প্রয়াত সঞ্জীব পুনীয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, অধ্যাপক পীযূষ পান্ডে, ড অমলেন্দু চক্রবর্তী এবং ড বেদপর্না দে প্রমুখ বক্তা পুনীয়ার অকাল বিয়োগে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোক সভায় প্রয়াতের আত্মার সদগতি কামনা করে দু মিনিট মৌনতা অবলম্বন করা হয়। উল্লেখ্য যে দিল্লির পার্শ্ববর্তী মীরাঠের অধিবাসী ৪৮ বছর বয়সী পুনীয়া গত মঙ্গলবার শিলচরে হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


