সাসপেন্ড স্কুলের অধ্যক্ষ
কে আর সি টাইমস ডেস্ক
পড়ুয়াদের দিয়ে মুসলিম প্রার্থনাগীতি গাওয়ানোর অভিযোগে সাসপেন্ড হলেন যোগীরাজ্যের এক স্কুলের প্রিন্সিপাল। উত্তরপ্রদেশের বরেলিতে অবস্থিত ওই স্কুলে পড়ুয়াদের গাওয়া ‘মেরে আল্লা বুড়াই সে বাচানা মুঝকো’ গানটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ক্রমে বিতর্ক দানা বাঁধে। অবশেষে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে পড়ুয়ারা ‘লব পে আতি হ্যায় দুয়া বনকে তমন্না মেরি’ গানটি গাইছে। গানটি বিখ্যাত উর্দু কবি মহম্মদ ইকবালের লেখা।
প্রসঙ্গত, বিখ্যাত গান ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’ও তাঁরই লেখা। কী করে হিন্দু পড়ুয়া অধ্যুষিত ওই স্কুলে মুসলিম ভক্তিগীতি গাওয়া হল, এই প্রশ্ন তুলে অভিযোগ তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভাইরাল ওই ভিডিও দেখে হিন্দুত্ববাদী দলটির অভিযোগ, এর ফলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। পাশাপাশি আরও গুরুতর অভিযোগও উঠেছে অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে। ভিএইচপির অভিযোগ, ওই স্কুলের পড়ুয়াদের ধর্মান্তরিত করার চক্রান্তও হচ্ছিল।


