এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – এবারে শিক্ষকের ঘরে হানা দিয়ে সর্বস্ব লুটে নিয়ে গেল নিশিকুটুম্বের দল। বুধবার রাতে শহরের ব্রজেন্দ্র রোডের শুভেন্দু পালের বাড়িতে হানা দিয়ে আনুমানিক দু লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। বৃহষ্পতিবার সকালে ঘুম থেকে ওঠে বিষয়টি লক্ষ্য করেন গৃহকর্তা শুভেন্দু পাল। তিনি বলেন, তিন তিনজন মানুষ ঘরে থাকা সত্বেও আমরা কেউ কিছুই টেরই পাইনি। সকালে ঘুম থেকে ওঠে ঘরের জিনিষ পত্র এলোমেলো দেখে আর বুঝতে অসুবিধা হয়নি।
শুভেন্দু বলেন পুলিশ এসে খোজ নিয়ে গেছে। সদর থানায় একটি এজাহার জমা দিতে বলেছেন সদর থানার পুলিশ। স্ত্রীর সোনার গহনা সহ কিছু নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। প্রবেশদ্বার সহ মোট তিনটি তালা ভেঙ্গে ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নিয়ে গেছে চোরের দল।
সংবাদ 2- এআইইউডিএফ বিজেপির সঙ্গে গোপন সমঝতা প্রকাশ্যে আশার পর মন্তব্য ব্যক্ত করলেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক বলেন, ধর্মের কল বাতাসে নড়ে, সত্য গোপন রাখা যায় না। এআইইউডিএফ ও বিজেপি একজোট হয়ে কাজ করছে।
এনিয়ে কংগ্রেস অনেকবার বলে এসেছে। বুধবার হাইলাকান্দিতে নদীর বাঁধ পরিদর্শনকালে মন্ত্রী পীযুষ হাজারিকা এআইইউডিএফ বিধায়কের সমষ্টিতে কাজ করছেন বলে দাবি করেন। এর প্রতিউত্তরে আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন লস্কর বলেন এআইইউডিএফ তো আপনারই দল, আর আমি তো আপনারই মানুষ। এনিয়ে বৃহস্পতিবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবাদ 3 – রাষ্ট্রিয় বজরংদল এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ ইন্দিরা ভবনের সামনে সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকারজুন খারগের কুশপুতুল পুড়ানো হয় । উল্লেখ্য গত কিছুদিন পূর্বে কর্ণাটকে সর্ব ভারতীয় কংগ্রেসের তরফে নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল ক্ষমতায় এলে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে কংগ্রেস অফিসের সম্মূখে কংগ্রেসের বিরুদ্ধে নানা শ্লোগান তুলে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গের কুশ পুতুল পুড়ানো হলো ।
সংবাদ 4- বড়খলার বদরপুর মাছিমপুর জিপির বদরপুর ২য় খন্ডে বিদ্যুৎ লাইনের তারে লেগে মৃত হয় একটি মহিষের। উধারবন্দ এপিডিসিএল বিভাগের চরম গাফিলতির কারণে প্রাণ গেল নিষ্পাপ একটি মহিষের। জানাগেছে, বিদ্যুৎ লাইনের তার ছিঁড়া ছিল। এমতাবস্থায় বিদ্যুৎ তারের উপর দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত হয় মহিষের। এ ঘটনার পর গোটা এলাকার জনগণ এককত্রিত হয়ে এপিডিসিএল হায় হায়, বিদ্যুৎ বিভাগ হায় হায়, স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন।
উল্লেখ্য, গত চার পাঁচ দিন আগে বিদ্যুৎ বিভাগের চরম গাফলতির ফলে প্রাণ হারান এক বিদ্যুৎ কর্মি। এলাকার জনগণের অভিযোগ, উধারবন্দ সাবডিভিসনের আওতায় বদরপুরে জোড়াতালি দিয়ে বাসের খুটি দিয়ে বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। অনেক জায়গায় বাশ দিয়ে বিদ্যুৎ লাইন টানা হয়েছে। বিদ্যুৎ বিভাগের চরম গাফলতির কারনে এ ধরনের আরো দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।
সংবাদ 5- দিল্লীর যন্তরমন্তরে মহিলা কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার এ আই ডি এস ও’র সর্ব ভারতীয় কমিটির আহ্বানে সারা দেশের সাথে শিলচরেও সংগঠনের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে শিলচরের জেলরোধস্থিত বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির সামনে থেকে মাতৃভাষা আন্দোলনের অমর শহিদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশ পর্যন্ত এ আই ডি এস ও’র কর্মীরা মিছিল করে দাবি উত্থাপন করেন যে মহিলা কুস্তিগীরদের ওপর যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং কে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্ৰদান করতে হবে।
সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে উপস্থিত সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম সহ সভাপতি পল্লব পেগু উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যৌন হয়রানির মতো ভয়ংকর অভিযোগ জানিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসা মহিলা কুস্তিগীরদের সমর্থনে অলিম্পিক সহ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী কুস্তিগীর যথাক্রমে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর সহ অনেক খেলোয়াড়রা এগিয়ে এসেছেন। তাঁরা হঠাৎ এই আন্দোলনের পথ বেছে নেননি। শাসকদলের নিষ্ক্রিয়তায় তারা এই পথ গ্রহনে বাধ্য হন।

২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন ১০-১২ জন মহিলা কুস্তিগীর এবং অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও ছিল।তিনি বলেন ফেডারেশনে তারা অভিযোগ জানালেও তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি আসে। প্রতিবাদী কার্যসূচীতে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য আপন লাল দাস, বাবলী দাস সহ বহু সংখ্যক ছাত্রীরা। এছাড়াও আজ শিলচরের ‘এথলিডরা’ দিল্লির মহিলা কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে সংহতি প্রকাশ করে।
সংবাদ 6- করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে ও করিমগঞ্জ সদর থানার পুলিশ ও নিলামবাজার থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে বিপুল পরিমাণে হেরোইন জব্দ সহ অল্টো গাড়ির চালক ও মালের মালিককে আটক করল পুলিশ। জানা যায় মিজোরাম থেকে করিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাইলে আসার সময় করিমগঞ্জ বাইপাস পোয়ামারা এলাকায় একটি অল্টো গাড়ির গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ৪৮ টি সাবান বাক্সে মোট ৫.৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে আটক করা হয়েছে অল্টো গাড়ির চালক আব্দুল খায়ের মোহাম্মদ সিদ্দিকীকে। তার বাড়ি কালীগঞ্জ ফতেপুর গ্রামে। আর পুলিশ গাড়ি চালককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হওয়া হেরোইনর মালিক আব্দুল্লাহ চৌধুরীকে কানিশাইলস্থিত বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ সদর থানার পুলিশ। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা টাকা হবে বলে জানা যায়।



