এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– নিজের মায়ের মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলাকে দায়ি করে জেলা পুলিশ সুপার সকাশে নালিশ জানালেন এক হতভাগ্য যুবক।পরে তিনি সাংবাদিকদের কাছে পেয়ে পুত্র বাবলা দেব জানান যে করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিকিৎসক ও সহকারি কর্মীদের অবহেলার দরুণ তার মার মৃত্যু হয়েছে।
এমন পীড়া তাকে কুরে কুরে খাচ্ছে। তার মায়ের মৃত্যুর জন্য তিনি হাসপাতালের কর্তৃপক্ষকে দায়ি করেন। কি ভাবে তার মাকে লাঞ্ছনা দেওয়া হয় তার বিবরনও তিনি স্পষ্ট ভাবে বর্ণনা দেন।শেষে বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানান।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাবলার এহেন বিষ্ফোরক মন্তব্যে সচেতন মহলে নানা বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সংবাদ 2- করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দ্বারা আয়োজিত শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলবার পালিত হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। বিশ্বের দরবারে বাঙলিদের মান বাড়িয়ে দেওয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিনে করিমগঞ্জ শহরে দেখা গেলো এক উৎসব মুখর পরিবেশ। এদিন কবি প্রেমিরা করিমগঞ্জ শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শোভাযাত্রার পর শহরের শম্ভু সাগর উদ্যাণে থাকা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি রবীন্দ্র সংগীত সহ নৃত্য পরিবেশন করতে দেখা গেছে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদেরকে।
সংবাদ 3- রাজ্যে ফের শিশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে । এক অমানবিক শিক্ষকের মারে গুরুতর আহত হয়েছে সাত বছর বয়সের এক শিশু । ঘটনাটি ঘটেছে শিলচর শহরে । জানা গেছে সোমবার শিলচর রংপুরের রাসবিহারী নিম্ন বুনিয়াদি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জিৎ সিনহাকে খুব মারধর করেন শিক্ষক ইমদাদ হুসেন লস্কর । এই অমানবিক শিক্ষকের বিরুদ্ধে গতকালই রংপুর ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন আহত জিৎ সিনহার পরিবারের লোকরা । সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই শিক্ষক ইমদাদকে গ্রেফতার করে পুলিশ ।
সংবাদ 4 – শিলচর আশ্রম রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বশীভূত স্টিল ও কাঠের ফার্নিচার নির্মাণের কারখানা ও কর্মচারীদের থাকার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার দুপুর বারোটার দিকে। আশ্রম রোডের তপোবননগর বাজারে আসিস চৌধুরী স্টিল ও কাঠের ফার্নিচার নির্মাণের কারখানায়। সময় মত দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে যাওয়া ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে এতে রক্ষা পায় আশপাশের এলাকা।
তবে আগুনে সম্পূর্ণ বশীভূত হয়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার তিনটি ঘর, স্থানীয় মানুষের অভিযোগ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। খবরে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ন্যাশনাল হাইওয়ে পুলিশ । আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনও। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
সংবাদ 5- গত ১ মে কাছাড় জেলার কাটিগড়া থেকে কুতুব রব্বানী ও আলতাফ হুসেন নামের দুই যুবককে অপহরণ করেছিল দুষ্কৃতীরা । দিন দুপুরে দুই যুবককে অপহরণ করে দুষ্কৃতীরা নিয়ে গিয়েছিল বদরপুর থানার সাব ইন্সপেক্টর বিধান দাসের বাড়িতে । পরবর্তীতে সেই দুই যুবক এস আই বিধান দাসের ঘর থেকে পালিয়ে কাটিগড়া থানায় এসে একটি মামলা দায়ের করেন । এই দুই যুবক অভিযোগ করে জানায় যে বিধান দাস তাদের অপহরণ করে তার ঘরে রেখেছিল ।
দুই যুবকের দেওয়া মামলার উপর ভিত্তি করে পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। বিধান দাসের ঘরে তল্লাশি অভিযান চালিয়ে একটি ল্যাপটপ ও কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। খবর পেয়ে কাটিগড়া থানায় ছুটে আসেন ডি আই জি কঙ্কন জ্যোতি শইকিয়া। তিনি নিজেই অভিযুক্ত বিধান দাসকে জিজ্ঞাসাবাদ করেন । যেকোনো মুহূর্তে বিধান দাসকে গ্রেফতার করতে পারে পুলিশ বলে জানা গেছে।




