দুর্গাপূজার বিসর্জনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে মারামারি এবং এর ফলে সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনাকে নিয়ে
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – দুর্গাপূজার বিসর্জনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে মারামারি এবং এর ফলে সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনাকে নিয়ে সোমবার জেলাশাসক রোহন কুমার ঝা-য়ের দ্বারস্থ হন শিলচর শহরের প্রায় প্রতিটি দুর্গাপূজা কমিটির সদস্যরা।
পুজোর সময়ে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকলেও দশমী এবং একাদশীর বিসর্জনের দিনগুলোয় সেটা ছিল না যার ফলে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শিলচর শহরের আশ্রম রোড সংলগ্ন এলাকার পুজো কমিটির সঙ্গে অন্যান্য পুজো কমিটির সংঘাত। এই ঘটনাগুলো যাতে আগামীতে না ঘটে এবং এই বছর যেটা হয়েছে সেটা যেন আর বেশিদূর না এগোয় এই দাবি জানিয়েছেন পূজো কমিটির সদস্যরা।

জেলাশাসক তাদের আশ্বাস দিয়েছেন পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং আগামী তিন দিনের মধ্যে একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
বিসর্জনের সময় সংঘাতকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল এবং কয়েকজন ব্যক্তিকে আটক করেছিল পুলিশ তবে কোন বিশেষ কারণে তাদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। জামিন অযোগ্য মামলায় গ্রেফতার হওয়ার পরেও থানা থেকেই অভিযুক্তরা কিভাবে ছাড় পেয়ে গেল এই বিষয়ে প্রশ্ন তোলেন বরিষ্ঠ আইনজীবী সৌমেন চৌধুরী।
বিজ্ঞাপন


