সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার বিহার বনধের ডাক দিল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আগামী ২১ ডিসেম্বর, শনিবার বিহার বনধের ডাক দিয়েছে আরজেডি।
কে আর সি টাইমস ডেস্ক
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। গর্জে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য অসম-ত্রিপুরা। নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গও। সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার বিহার বনধের ডাক দিল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আগামী ২১ ডিসেম্বর, শনিবার বিহার বনধের ডাক দিয়েছে আরজেডি।
শুক্রবার গভীর রাতে লালু-পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব টুইট করে ঘোষণা করেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগামী ২১ ডিসেম্বর বনধ পালন করা হবে বিহারে। বনধকে সফল করে তোলার জন্য অন্যান্য রাজনৈতিক দল এবং অ-রাজনৈতিক সংগঠনগুলির কাছেও বিশেষ আবেদন রেখেছেন তেজস্বী। প্রথমে ঘোষণা করা হয়েছিল ২২ ডিসেম্বর, রবিবার বিহারে বনধ পালিত হবে। কিন্তু, ওই দিন চাকরির পরীক্ষা (পুলিশ নিয়োগ পরীক্ষা) থাকায়, ২২ ডিসেম্বরের পরিবর্তে ২১ ডিসেম্বর বিহার বনধের ডাক দেওয়া হয়েছে। টুইটারে তেজস্বী যাদব ঘোষণা করেছেন, ‘সংবিধান ও ন্যায়বিচারে বিশ্বাসে সমস্ত ধর্মনিরপেক্ষ দল, অ-রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের কাছে আমাদের অনুরোধ বনধ সফল করতে আমাদের সহায়তা করুন।’


