প্রশ্নের মুখে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির স্লোগান !

2 - মিনিট |

প্রাথমিক তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার এক বছর পরও কাটিগড়ার ইউনিফর্ম কেলেঙ্কারির কিনারা হয়নি ,মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রকৃতি নিউজ কনসার্ন

কালাইন : দশজন পঞ্চায়েত প্রতিনিধির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে কাটিগড়ায় ইউনিফর্ম কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ার এক বছর পরও কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডে সংঘটিত ইউনিফর্ম কেলেঙ্কারির কিনারা না হওয়ায় কাটিগড়ার শিক্ষাপ্রেমী সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডে ২০২১-২২শিক্ষাবর্ষে কঁচিকাচা পড়ুয়াদের ইউনিফর্ম বণ্টনে বেলাগাম দুর্নীতি সংঘটিত হয়েছে। এই অভিযোগ জানিয়ে কাটিগড়ার ১০জন পঞ্চায়েত প্রতিনিধি(৯জন জিপি সভাপতি এবং ১জন এপি সদস্য) ২০২২সালের ২৪এপ্রিল কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান করেছিলেন।

স্মারকপত্রে কাটিগড়ায় পড়ুয়াদের অতি নিম্নমানের পোশাক সরবরাহ করে কমপক্ষে ৫০লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগ এনে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে ব্যবস্থা নিতে জেলাশাসককে আর্জি জানিয়েছিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এর পরিপ্রেক্ষিতে তার পরদিন অর্থাৎ ২৫এপ্রিল শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা কাছাড়ের ডিডিসি রাজীব রায় কাটিগড়ায় প্রাথমিক তদন্তে নামেন।

প্রাথমিক তদন্তে পশ্চিম কাটিগড়ার তিনটি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম পরিদর্শন করেন ডিডিসি রায়। এতে পড়ুয়াদের অতি নিম্নমানের ইউনিফর্ম বণ্টনের বাস্তব চিত্র ভেসে উঠে। এছাড়া অনেক অভিভাবক ও শিক্ষাপ্রেমী সচেতন মানুষ সরেজমিনে পোশাক বণ্টনে দুর্নীতির চিত্র ডিডিসিকে অবগত করান।

ডিডিসি রায় প্রাথমিকভাবে ইউনিফর্ম কেলেঙ্কারির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে শিলচর ফেরার পথে কাটিগড়া বিইইও কার্যালয়ে ঢুকেন। কিন্তু কার্যালয়ে বিইইওকে না পেয়ে বিইইও‘র কক্ষে তালা ঝুলিয়ে দেন ডিডিসি রায়। ডিডিসি‘র প্রাথমিক তদন্তে ইউনিফর্ম কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ার এবং বিইইও‘র কক্ষে তালা ঝুলানোর খবর সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।

এর দুদিন পর অর্থাৎ ২৭এপ্রিল কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও ইউনিফর্ম কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রাথমিক তদন্তের একবছর পরও কাটিগড়ার ইউনিফর্ম কেলেঙ্কারির কিনারা হয়নি। আর এতে প্রশ্নের মুখে পড়েছে অসম সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির স্লোগান।

কারণ প্রাথমিক তদন্তে ইউনিফর্ম বণ্টনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর এতোদিনে পূর্ণাঙ্গ তদন্তক্রমে কেলেঙ্কারির কিনারা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এনিয়ে কাটিগড়ার শিক্ষাপ্রেমী সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রেমী সচেতন জনগণের বক্তব্য বিজেপি সরকারের আমলে কঁচিকাচা পড়ুয়াদের ইউনিফর্ম বণ্টনে সংঘটিত দুর্নীতি কোনভাবেই বরদাস্ত করা যায়না।

তাই ইউনিফর্ম কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং এই কেলেঙ্কারিতে জড়িতদের আইনানুগ শাস্তি প্রদান করা হোক। এ ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিতে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন কাটিগড়ার শিক্ষাপ্রেমী সচেতন জনগণ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *