ফের উত্তপ্ত ভারত-পাক সীমান্ত

< 1 - মিনিট |

অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ৩০০ জঙ্গি

KRC Times Desk

ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। গত বৃহস্পতিবারই জায়গায় জায়গায় সেনার সঙ্গে সংঘর্ষে ৬ জঙ্গি খতম হয়েছে। দুই জওয়ানও শহিদ হয়েছেন। এমনকি এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হানা, আকাশে সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আরও ভয়ঙ্কর এক বিপদের আভাস দিলেন জম্মু–কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে অপেক্ষায় রয়েছে অন্তত ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি। পাক ভূমিতে একাধিক লঞ্চপ্যাডে ভারতে অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা। তাঁর কথায়, ‘‌সীমান্ত দিয়ে অনবরত মাদক এবং অস্ত্র পাচারের চেষ্টা চলছে। এর জন্য বিভিন্ন সুড়ঙ্গ ব্যবহার করা হচ্ছে। এমন বেশ কয়েকটি সুড়ঙ্গ সম্প্রতি নজরেও এসেছে। এছাড়া পাকিস্তানের দিক থেকে সীমান্তে ড্রোনের উৎপাত বেড়েছে। জৈশ ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলো ক্রমাগত ড্রোনের মাধ্যমে এপারে অস্ত্র পাচার চালিয়ে যাচ্ছে।’‌ সীমান্তে লঞ্চপ্যাডে আশ্রয় দেওয়া থেকে শুরু করে, ভারতীয় সেনাকে গুলির লড়াইয়ে ব্যস্ত রেখে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া–সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে যেভাবে ক্রমাগত পাকিস্তান মদত দিয়ে যাচ্ছে, সেই বিষয়টিও সাক্ষাৎকারে তুলে ধরেন  দিলবাগ সিং।
গত মাসে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে জঙ্গি হামলা হয়। যা নিয়ে দিলবাগ সিং বলছেন, ‘‌হামলায় ব্যবহৃৎ আইইডি যে পাকিস্তানে তৈরি হয়েছে, তা প্রমাণ হয়েছে।’‌ শুধু তাই নয়, এয়ারফোর্স স্টেশনে হামলায় দায়ী যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা, সেটাও প্রকাশ্যে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *